ইরাক থেকে ড্রোন হামলা: সৌদি আরবের তেল পাইপলাইন বন্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ পিএম
Main News Image

 ইরাক থেকে ছোড়া ড্রোন হামলার ফলে সৌদি আরব তাদের ১২০০ কিলোমিটার দীর্ঘ কৌশলগত 'ইস্ট-ওয়েস্ট' পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এই পাইপলাইনটি হরমুজ প্রণালি এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত হয় এবং বিশ্বব্যাপী তেলের প্রায় ৪ থেকে ৫ শতাংশ সরবরাহ করে।

হামলাটি ইরানের সীমান্তবর্তী মাইসান প্রদেশ থেকে পরিচালিত হওয়ায় ইরাক সরকার একজন সামরিক কমান্ডারকে বরখাস্ত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। সৌদির সাথে ফোনালাপে ইরাকি প্রধানমন্ত্রী আশ্বাস দেওয়ায় সৌদি আরব আপাতত পাল্টা হামলা থেকে বিরত রয়েছে।

 ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় অঞ্চল এবং কৌশলগত বাব আল-মান্দেব প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। এর জবাবে সৌদি-সমর্থিত সরকারি বাহিনী মোকা শহর ও আশপাশের অঞ্চলে পাল্টা বিমান হামলা চালিয়েছে।

ইয়েমেনে চলমান এই সংঘাতের কারণে জুলাই মাস থেকে অন্তত ৭৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে গত এক সপ্তাহেই পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। জাতিসংঘ জানিয়েছে, বাস্তুচ্যুত মানুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে বাড়ছে।

মধ্যপ্রাচ্যের দুইমুখী সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম জুলাই মাসের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পরিস্থিতির উন্নতি না হলে অপরিশোধিত তেলের দাম পুনরায় ১২০ ডলারে বা তারও বেশি হতে পারে।