আসছে ‘দ্য ক্যালকাটা ফাইলস’
কলকাতার বুকে রাজনৈতিক ক্ষমতার অলিন্দ, দুর্নীতি আর আড়ালে থাকা সত্যি নিয়ে নির্মিত হতে চলেছে নতুন সামাজিক-রাজনৈতিক ক্রাইম থ্রিলার ‘দ্য ক্যালকাটা ফাইলস’। চিত্রপরিচালক সৌভিক দে-র পরিচালনায় এবং স্যাফায়ার প্রডাকশনের ব্যানারে নির্মিত এই ছবিটির প্রথম ঝলকেই স্পষ্ট—পর্দায় উন্মোচিত হতে চলেছে ক্ষমতা, বিশ্বাসঘাতকতা আর ন্যায়ের লড়াইয়ের গল্প।
ছবিটি প্রযোজনা করছেন তাপসী দাস। এতে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক চরিত্রে অভিনয় করছেন বিশিষ্ট অভিনেত্রী স্বাগতা মুখোপাধ্যায়। দীর্ঘ সময় পর বড় পর্দায় শক্তিশালী চরিত্রে প্রত্যাবর্তন করছেন তিনি; ছবিতে তাঁর চরিত্রের নাম ‘সুস্মিতা বসু’, যিনি একজন মুখ্যমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হবেন।
পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপট, ক্ষমতার পালাবদল ও জটিল টানাপোড়েনের পরিচিত আবহ দেখা যাবে এই থ্রিলারে। ছবির মূল পোস্টার ও ঘোষণায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে—‘ক্ষমতা’ (Power), ‘দুর্নীতি’ (Corruption) এবং ‘ন্যায়’ (Justice)। অশুভ শক্তি ও প্রশাসনিক দুর্নীতির বিরুদ্ধে সত্যের লড়াই-ই এই চলচ্চিত্রের মূল উপজীব্য।
বাস্তব ও কল্পনার মিশ্রণে তৈরি এই গল্প নিয়ে ইতিমধ্যেই চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। তবে প্রেক্ষাগৃহে ছবিটি কবে নাগাদ মুক্তি পাবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা।