৩ বছরের সম্পর্কে ইতি টানছেন ঈশান ও চাঁদনী?
বিজ্ঞাপনী শুটিংয়ে অভিনেত্রী সারা অর্জুনের সঙ্গে ঈশান খট্টরের তৈরি হওয়া নতুন কেমিস্ট্রির জেরেই কি ভাঙছে মডেল চাঁদনী বেইনজের সঙ্গে তাঁর সম্পর্ক? গত তিন বছর ধরে চলে আসা এই প্রেম নিয়ে বলিপাড়ায় এখন তীব্র জল্পনা।
২০২৩ সালের জুন মাস থেকে ঈশান ও চাঁদনীর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। দু'জনের কেউই এই নিয়ে কখনো প্রকাশ্যে মুখ না খুললেও, বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘুরে বেড়ানো এবং হাত ধরে হাঁটার দৃশ্য সেই প্রেমের আলোচনাকে উসকে দিয়েছিল। তবে সম্প্রতি বেশ কিছুদিন ধরে দু'জন আলাদা সময় কাটাচ্ছেন এবং তাঁদের সম্পর্কের সমীকরণে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে।
সারার সঙ্গে নতুন রসায়ন
ঈশান ও চাঁদনীর দূরত্বের আবহেই সামনে এসেছে একটি বিজ্ঞাপনে ঈশান ও সারা অর্জুনের কাজ করার খবর। শুটিংয়ের নেপথ্যের বেশ কিছু ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁদের অন-স্ক্রিন রসায়ন নিয়ে চর্চা শুরু হয়েছে। কাজের সূত্রে দু'জনের মধ্যে সহজ সখ্য ও চমৎকার বোঝাপড়া গড়ে ওঠে বলে জানা গেছে।
পুরোটাই এখনো জল্পনা
পর্দায় কাজের সুবিধার্থে দুই অভিনেতার মধ্যে সহজ সম্পর্ক থাকা স্বাভাবিক হলেও, চাঁদনীর সঙ্গে ঈশানের বিচ্ছেদের গুঞ্জন নিয়েই এখন ভক্তদের আগ্রহ তুঙ্গে। তবে বিচ্ছেদ বা নতুন সম্পর্কের বিষয়ে ঈশান কিংবা চাঁদনী এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।