‘গ্যাংস অব ওয়াসিপুর ২’-এর পর ২০০ চিত্রনাট্য, টেবিলে থাকত ব্ল্যাঙ্ক চেক

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ এএম
Main News Image

নওয়াজউদ্দিন সিদ্দিকি। ছবি: সংগৃহীত

বছরের পর বছর অভিনয় দিয়ে বলিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। অভিনয় দক্ষতার জন্য সমালোচকদের প্রশংসা পাওয়ার পাশাপাশি গড়ে উঠেছে তার বিশাল ভক্তগোষ্ঠী। তবে তার ক্যারিয়ারে এমন একটি সিনেমা রয়েছে, যা তাকে রাতারাতি অন্য উচ্চতায় নিয়ে যায়। সিনেমাটি ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’।

অনুরাগ কাশ্যপ পরিচালিত সিনেমাটি মুক্তির পরই প্রথমবার নিজেকে তারকা হিসেবে অনুভব করেছিলেন নওয়াজউদ্দিন। চলতি বছর সিনেমাটির মুক্তির ১৪ বছর পূর্ণ হয়েছে।

এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ‘গ্যাংস অব ওয়াসিপুর ২’ তার পেশাগত জীবনে বড় ধরনের পরিবর্তন এনেছিল। সিনেমাটি মুক্তির পর কাজের প্রস্তাব পাওয়ার ক্ষেত্রেও নাটকীয় পরিবর্তন আসে।

কোন সিনেমার পর নিজেকে তারকা মনে হয়েছিল—এমন প্রশ্নের জবাবে নওয়াজউদ্দিন বলেন, ‘অবশ্যই, এটি গ্যাংস অব ওয়াসিপুর ২।’

অভিনেতার ভাষ্য, সিনেমাটি মুক্তির পর তিনি প্রায় ২০০টি চিত্রনাট্য পেয়েছিলেন। শুধু চিত্রনাট্য নয়, তার হাতে তুলে দেওয়া হতো ব্ল্যাঙ্ক চেকও। প্রযোজকেরা তাকে বলতেন, ‘এই নিন চিত্রনাট্য, আর এটি একটি ব্ল্যাঙ্ক চেক। আপনি যত টাকা চান, লিখে দিন এবং আপনার যে তারিখগুলো খালি আছে, সেগুলো আমাদের দিন।’

তবে এত বিপুল প্রস্তাব পেলেও পরবর্তী সিনেমা বাছাইয়ে কোনো তাড়াহুড়া করেননি নওয়াজউদ্দিন। তার কাছে পাওয়া কোনো চিত্রনাট্যই যথেষ্ট আকর্ষণীয় মনে হয়নি। ফলে তিনি একটিতেও চুক্তিবদ্ধ হননি।

নওয়াজউদ্দিন বলেন, ‘আমি ওই চিত্রনাট্যগুলোর একটিও হাতে নিইনি, কারণ কোনোটিই আমার ভালো লাগেনি। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করব।’

কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করার অভিজ্ঞতা থাকায় সিদ্ধান্তটি নিতে তার অসুবিধা হয়নি বলেও জানান অভিনেতা। তিনি বলেন, ‘আমি তো কাজের জন্য বছরের পর বছর অপেক্ষা করতে অভ্যস্ত ছিলাম। তাই ভেবেছিলাম, তাড়াহুড়া করে কোনো কিছুতে রাজি হওয়ার চেয়ে আরও দুই-তিন বছর অপেক্ষা করতে পারি।’

তবে শেষ পর্যন্ত এত দীর্ঘ অপেক্ষা করতে হয়নি তাকে। নিজের পছন্দের সঙ্গে মেলে এমন বেশ কিছু সিনেমার প্রস্তাব দ্রুতই পেতে শুরু করেন তিনি। নওয়াজউদ্দিন বলেন, সৃষ্টিকর্তার আশীর্বাদে তাকে বেশিদিন অপেক্ষা করতে হয়নি। খুব শিগগিরই তিনি বেশ কিছু ভালো সিনেমার প্রস্তাব পান।

‘গ্যাংস অব ওয়াসিপুর ২’-এ ফয়জল খানের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন নওয়াজউদ্দিন। চরিত্রটির অভিনয় তাকে দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক পরিচিতি এনে দেয়। সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ি, পঙ্কজ ত্রিপাঠি, জয়দীপ আহলাওয়াত, হুমা কুরেশি, রিচা চাড্ডা, রাজকুমার রাও ও পীযূষ মিশ্রসহ অনেকে।