অসুস্থ মিমি এখন কেমন আছেন

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১১:০৩ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ এএম
Main News Image

রাখী উৎসবের আবহেই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে তাঁর অনুরাগীদের মধ্যে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের বেশ কিছু ছবি প্রকাশ করে শারীরিক অবস্থার বিবরণ দিয়েছেন অভিনেত্রী, যেখানে পর্দার গ্ল্যামারাস রূপের আড়ালে তাঁর কষ্টকর বাস্তব ও সাধারণ দিনযাপনের চিত্র ফুটে উঠেছে।

প্রকাশিত ছবিগুলিতে মিমির চেহারায় অসুস্থতার স্পষ্ট ছাপ লক্ষ্য করা গিয়েছে। দাঁতের জটিল সমস্যার কারণে সম্প্রতি তাঁর একটি দাঁত তুলতে হয়েছে এবং মুখে একাধিক সেলাই পড়েছে। এর ফলে তাঁর গালের বেশ কিছুটা অংশ ফুলে রয়েছে এবং ঠোঁটেও আঘাতের চিহ্ন রয়েছে। শুধু মুখেই নয়, তাঁর পায়েও চোট লেগেছে; একটি ছবিতে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় তাঁর ফোলা পা দেখা গিয়েছে।

অসুস্থতার মাঝেই নিজের ঘরোয়া দিনযাপনের চিত্র অনুগামীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন মিমি। মেকআপহীন অগোছালো রূপ, সামনে রাখা বিভিন্ন ওষুধ, এক কাপ কফি এবং পাশে প্রিয় পোষ্য সারমেয়র সঙ্গ—এসব নিয়েই কাটছে তাঁর সময়। সামাজিক মাধ্যমের আলো ঝলমলে দুনিয়ার বাইরে এসে নিজের এই রূপটি আড়াল না করে সরাসরি ভক্তদের সামনে তুলে ধরেছেন তিনি।

শারীরিক এই চোট বা অসুস্থতার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মিমি বিস্তারিত কিছু জানাননি। তবে তাঁর এই পোস্টের মূল বার্তা ছিল, সামাজিক মাধ্যমে মানুষ সাধারণত জীবনের সুন্দর ও পরিপাটি অংশটাই দেখায়, কিন্তু বাস্তব জীবন সব সময় নিখুঁত হয় না। তারকারাও আর পাঁচজন সাধারণ মানুষের মতোই অসুস্থ হন ও কষ্ট পান—নিজের এই বাস্তবতাকে কোনো রকম রূপটান ছাড়াই ভক্তদের সামনে স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী।