কানে বিদ্যা বালানের শাড়ি বিতর্ক : ১৩ বছর পর সব্যসাচী

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম
Main News Image

২০১৩ সালের কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রী বিদ্যা বালানের পোশাক নিয়ে তোলপাড় হয়েছিল ফ্যাশন বিশ্ব। উৎসবের সম্মানীয় বিচারকমণ্ডলীর সদস্য বিদ্যাকে সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা ঐতিহ্যবাহী শাড়িতে দেখে শুরু হয়েছিল তীব্র সমালোচনা। ফ্যাশন সমালোচকদের সেই কটাক্ষ এতদূর গড়ায় যে, বিদ্যার পাশাপাশি সব্যসাচীকেও তীব্র আক্রমণের মুখে পড়তে হয় এবং তাকে ‘ন্যাশনাল টেরোরিস্ট’ পর্যন্ত আখ্যা দেওয়া হয়। সেই ঘটনার এক যুগেরও বেশি সময় পর ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই বিতর্ক নিয়ে স্মৃতিচারণ করেছেন বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়।

সব্যসাচীর মতে, সেই কটাক্ষের পেছনে মূল কারণ শুধু পোশাকের পছন্দ-অপছন্দ ছিল না; বরং বিদ্যার অটল আত্মবিশ্বাসই অনেককে অস্বস্তিতে ফেলেছিল। তিনি লক্ষ্য করেছিলেন, সমালোচনা করা ব্যক্তিদের বড় অংশই ছিলেন মহিলা। নিজের প্রতি গভীর অসন্তোষ থাকলে অন্যের এমন প্রকাশ্য আত্মবিশ্বাস মেনে নেওয়া অনেকের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। কানের পর বিদ্যা নিজে সব্যসাচীকে জানিয়েছিলেন যে, শাড়ি পরলে তাঁকে 'আন্টি' মনে করা হচ্ছে বলে তিনি অস্বস্তিতে আছেন। তবে সব্যসাচী তাঁকে অন্যের মতামত এড়িয়ে নিজের পছন্দের পোশাকে আত্মবিশ্বাসী থাকার পরামর্শ দেন। পাশাপাশি বিচারক হিসেবে বিদ্যার পদের মর্যাদা বজায় রাখতে গ্ল্যামারের চেয়ে মার্জিত সাজকেই প্রাধান্য দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

সাক্ষাৎকারে নিজের ফ্যাশন ভাবনা নিয়েও কথা বলেন সব্যসাচী। তিনি জানান, তিনি নিজে ফ্যাশন খুব কম বোঝেন বলেই কাজকে অন্য কোণ থেকে দেখতে পারেন। নিউইয়র্কে তাঁর নিজের পোশাক নিয়ে সাধারণ মানুষের কটূক্তি শোনাই হোক বা মেট গালার আমন্ত্রণ ই-মেলকে প্রথমে 'স্প্যাম' মনে করা—সবকিছুতেই তিনি সহজ স্বাভাবিক। তাঁর মতে, উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ্য হলেও উৎকর্ষ একান্তই ব্যক্তিগত বিষয়, আর প্রতিদিন নিজের কাজকে একটু একটু করে উন্নত করাই তাঁর আসল লক্ষ্য।