শুরু হয়েছে দলবদল

২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ হকি লিগ

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ এএম
Main News Image

দীর্ঘ তিন বছর পর অবশেষে মাঠে ফিরছে প্রথম বিভাগ হকি লিগ। আগামী ২০ সেপ্টেম্বর থেকে এই লিগ শুরু করার চূড়ান্ত লক্ষ্য নিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্লাবগুলোর খেলোয়াড় দলবদল প্রক্রিয়া। আজ এবং আগামীকাল- এই দুই দিনব্যাপী চলবে এই দলবদল।

প্রথম বিভাগ হকি লিগ কমিটির চেয়ারম্যান জনাব হারুন-অর-রশীদ এই উদ্যোগ নিয়ে অত্যন্ত আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানান, প্রতিটি ক্লাব শুরু থেকেই অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছে। লিগের সফল আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে ক্লাবগুলোর সাথে একাধিক বৈঠক করা হয়েছে। ক্লাবগুলো বিভিন্ন গঠনমূলক পরামর্শ দিয়ে এবং সক্রিয় সহযোগিতার মাধ্যমে ফেডারেশনকে সহায়তা করে যাচ্ছে।

হকি লিগ কমিটির চেয়ারম্যান বলেন, "মাঠে খেলা না থাকলে ক্রীড়াঙ্গনের বৈচিত্র্য হারিয়ে যায়। আমাদের এত চমৎকার মাঠ থাকা সত্ত্বেও গত তিন বছর কোনো হকি টুর্নামেন্ট হয়নি, যা সত্যি চিন্তার বিষয় ছিল। আমরা শুরু থেকেই যেকোনো মূল্যে খেলা মাঠে গড়ানোর জন্য তৎপর ছিলাম। ক্লাবগুলোর আন্তরিক সহযোগিতা ছাড়া এই আয়োজন সফল করা সম্ভব নয়। আমরা আশাবাদী যে, দলবদল থেকে শুরু করে পুরো টুর্নামেন্ট জুড়ে ক্লাবগুলোর এই সহযোগিতা অব্যাহত থাকবে।"

একটি সুন্দর ও জাঁকজমকপূর্ণ লিগ আয়োজনের মাধ্যমে হকির আবারো হকির মাঠে দর্শক ফিরবে বলে আয়োজক ও ক্লাবগুলো দৃঢ়ভাবে বিশ্বাস করে।

প্রথম দিনে ৯টি ক্লাব দলবদলে অংশ নিয়েছে। বাকি ক্লাব আজ (সোমবার) দলবদল সম্পন্ন করবে।

প্রথম বিভাগ হকি লিগে অংশগ্রহণকারী ক্লাবের তালিকা:

ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি (PWD), কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলরস এসসি, ফরাসগঞ্জ এসসি, ⁠শিশুকিশোর সংঘ, ওয়ান্ডারার্স ক্লাব, রায়ের বাজার এসসি, ⁠ঢাকা ইয়ং স্টার ক্লাব।