নেপালে প্রাকৃতিক দুর্যোগে আটকে আছেন খরাজ মুখোপাধ্যায়

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ এএম
Main News Image

নেপালে একটি নতুন বাংলাদেশি চলচ্চিত্রের শুটিং করতে গিয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে একই ছবির শুটিংয়ে নেপালে আটকে রয়েছেন অভিনেতা রজতাভ দত্ত এবং খরাজ মুখোপাধ্যায়ের স্ত্রী। নেপালের চীন সীমান্তসংলগ্ন রাসুয়া জেলায় হঠাৎ দেখা দেওয়া ভয়াবহ হড়পা বান ও প্রবল বর্ষণে রাস্তাঘাট ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সার্বিক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে শুটিং শেষ হলেও নির্ধারিত সময়ে কলকাতায় ফেরা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত ২০ আগস্ট নেপালে পৌঁছান খরাজ মুখোপাধ্যায়। তখন পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছুদিন পর থেকেই আবহাওয়ার দ্রুত অবনতি হতে শুরু করে। প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কোনোমতে কাজ শেষ করার চেষ্টা চালানো হয়। আবহাওয়ার অভিজ্ঞতা তুলে ধরে খরাজ মুখোপাধ্যায় জানান, প্রবল বর্ষণের কারণে বার বারবার তাঁদের কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। তবুও কষ্ট করে শুটিং শেষ করা গেলেও বর্তমানে তাঁরা দেশে ফেরা নিয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন। কাঠমান্ডু থেকে তাঁদের নির্ধারিত বিমান ধরার কথা থাকলেও সড়কপথ বন্ধ হয়ে যাওয়ায় সময়মতো বিমানবন্দরে পৌঁছানো সম্ভব হচ্ছে না।

প্রশাসন সূত্রে জানা গেছে, তিব্বত থেকে আসা ভোতে কোশি নদীর জলস্তর আচমকা বৃদ্ধি পাওয়ায় রাসুয়া জেলার তিমুরে ও স্যাফ্রুবেশিসহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। হড়পা বানের কারণে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছেন। নেপাল ট্যুরিজম বোর্ডের মতে, ৩৮৪ জন পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, যার মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। প্রতিকূল আবহাওয়ার জন্য উদ্ধারকারী হেলিকপ্টার চলাচলেও বিঘ্ন ঘটছে এবং সেনা বাহিনী উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে।

বর্তমানে খরাজ মুখোপাধ্যায়, তাঁর স্ত্রী এবং শুটিং দল হোটেলে নিরাপদে অবস্থান করছেন। কাঠমান্ডু যাওয়ার পথ বন্ধ থাকায় তাঁরা বিকল্প হিসেবে সড়কপথে ভারতের গোরক্ষপুর পৌঁছানোর পরিকল্পনা করছেন। সেখান থেকে আগামী ২৮ আগস্ট কলকাতার সরাসরি বিমান ধরে দেশে ফেরার প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপাতত এই রুট ব্যবহার করেই নিরাপদে কলকাতায় পৌঁছানোই তাঁদের প্রধান লক্ষ্য।