আমিশা প্যাটেলের লাখ টাকার গয়না চুরি, গ্রেপ্তার পরিচারিকা
আমিশা প্যাটেল। ছবি : সংগৃহীত
মুম্বাইয়ের চার্চগেটে অভিনেত্রী আমিশা প্যাটেলের বাড়িতে প্রায় ৫ লাখ টাকা মূল্যের সোনা ও হিরের গয়না চুরির ঘটনায় এক পরিচারিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম সীমা ঘাটে (৪০), যিনি পালঘরের বাসিন্দা এবং গত দেড় বছর ধরে ওই বাড়িতে কাজ করছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে বাড়িটি থেকে একটি হিরে বসানো সোনার বালা চুরি হয়। উক্ত বাড়িতে আমিশার মা আশা প্যাটেল থাকেন। চুরির পর থেকেই পরিচারিকার ওপর তাঁর সন্দেহ ছিল এবং তিনি দীর্ঘদিন ধরে সীমাকে চুরির কথা স্বীকার করে গয়নাটি ফেরত দেওয়ার জন্য বলে আসছিলেন। কিন্তু গয়না ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত তিনি পুলিশের দ্বারস্থ হন।
মেরিন ড্রাইভ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পেশ করলে বিচারক তাঁকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন। চুরি যাওয়া অলংকার উদ্ধার এবং অভিযুক্তের পূর্বে কোনো অপরাধের রেকর্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।