আত্মবিশ্বাসী ও আত্মনির্ভরশীল প্রজন্ম গড়ার প্রত্যয়

ভিকারুন নিসায় বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
Main News Image

শিক্ষা ও খেলাধুলার সমন্বয়ে শিক্ষার্থীদের আত্মরক্ষা ও ব্যক্তিত্ব গঠনে গুরুত্ব দিয়ে রাজধানীর ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো "বাংলাদেশ সিতোরিউ কারাতে-দো ইউনিয়নের টেকনিক্যাল সেমিনার ২০২৬"।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ডের সম্মানিত সদস্য জনাব আশরাফ জালাল খান মনন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আমি চাই, এই সংগঠনের মাধ্যমে আমরা আমাদের সন্তানদের জন্য এমন একটি ভিত্তি তৈরি করি, যেখানে তারা আগামী দিনে আত্মনির্ভরশীল হয়ে বেড়ে উঠতে পারবে। স্কুলের বাচ্চাদের কিভাবে নিজেদের শক্তি সম্পর্কে সচেতন করা যায়, কিভাবে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও শৃঙ্খলাবোধ জাগ্রত করা যায় — এটাই আমাদের মূল লক্ষ্য। এই বার্তা দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়া প্রয়োজন।"  

তিনি আরও বলেন, "এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। যা যা করা দরকার, তা আমরা একসাথে করব। তাহলেই আমাদের সন্তানরা দেশের ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠবে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফাউন্ডেশনের সভাপতি মাসুম পারভেজ রুবেল, ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষা মাজেদা বেগম এবং বাংলাদেশ কারাতে সংশ্লিষ্ট অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেমিনারে ভিকারুননিসার শিক্ষার্থী, অভিভাবক ও কারাতে প্রশিক্ষকরা অংশ নেন। দিনব্যাপী এই টেকনিক্যাল সেমিনারে কারাতে’র বিভিন্ন কৌশল, আত্মরক্ষার কলাকৌশল এবং শৃঙ্খলার উপর ব্যবহারিক প্রদর্শনী হয়।

বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে মার্শাল আর্টসের ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরও সম্প্রসারণের দাবি জানান তারা।

অনুষ্ঠান শেষে অতিথিরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেন এবং ভবিষ্যতে দেশব্যাপী এ ধরনের সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন।