বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
টিটিতে প্রতিদিনের বাংলাদেশের জয়জয়কার
বাংলাদেশে ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো সংগঠন হচ্ছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। কিউটের পৃষ্ঠপোষকতায় চলছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল।কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালের টেবিল টেনিস ইভেন্টের খেলা শনিবার অনুষ্ঠিত হয়।এতে একক ও দ্বৈতের মোট ৬টি ইভেন্টের মধ্যে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের তিন ক্রীড়া সাংবাদিক শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী। তারা তিনজন মিলে ৫টি ইভেন্টে পদকজয় করে নিজেদের প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করেছেন।
টেবিল টেনিস এককের ফাইনাল ছিল ‘অল প্রতিদিনের বাংলাদেশ’! ফাইনালে রুমেল খান ৫-১১, ১১-৮, ১১-১ পয়েন্টে শামীম হাসানকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। এটা তার নবম শিরোপা। পক্ষান্তরে শামীম এ নিয়ে দ্বিতীয়বার রানারআপ হলেন। এর আগে ২০২৪ সালে রুমেলের কাছেই ফাইনালে হেরেছিলেন। এই ইভেন্টে তৃতীয় হন বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চল।
দ্বৈত বিভাগে ২০১৬-২০২৫ সাল পর্যন্ত টানা ১০ বছর রেকর্ড শিরোপাধার ছিলেন রুমেল খান-মাহমুদুন্নবী চঞ্চল জুটি। কিন্তু ২০২৬ আসরে তাদের সেই শ্রেষ্ঠত্ব ক্ষুন্ন হয়েছে। এবার তারা হয়েছেন তৃতীয় (১১-৮, ১১-৫ পয়েন্টে হারান আগামীর সময়ের সুদীপ্ত আনন্দ ও বিডিনিউজের রুবেল জুবায়ের জুটিকে। এই ইভেন্টে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন ডেইলি স্টারের সাজ্জাদ হোসেন মুকুল ও সামসুল আরেফিন জুটি। ফাইনালে তাদের কাছে হেরে রানার্সআপ হন প্রতিদিনের বাংলাদেশের শামীম হাসান ও শেখ সাদী জুটি।
সবমিলিয়ে তিন ক্রীড়া সাংবাদিক শামীম হাসান, রুমেল খান ও শেখ সাদী টিটির ৬ ইভেন্টের ৫টিতেই পদক জিতে (রুমেল এককে চ্যাম্পিয়ন, দ্বৈতে তৃতীয়, শামীম এককে ও দ্বৈতে দ্বিতীয়, সাদী দ্বৈতে দ্বিতীয়) তাদের কর্মস্খল প্রতিদিনের বাংলাদেশকে গর্ব করার দারুণ এক উপলক্ষ এনে দিলেন।
এর আগে শুক্রবার দাবা ইভেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। হোম অব বিএসপিএতে অনুষ্ঠিত দাবা ইভেন্টে মোরসালিন আহমেদ চ্যাম্পিয়ন, আশরাফুর রহমান মুরাদ রানারআপ ও জাহিদ মুনীর তৃতীয় হয়েছেন।
এবারের স্পোর্টস কার্নিভালে ৮টি ডিসিপ্লিনে মোট ১২টি ইভেন্টে অংশ নিচ্ছেন বিএসপিএর শতাধিক সদস্য। ইভেন্টগুলো হলো- ক্যারম একক ও দ্বৈত, টেবিল টেনিস একক ও দ্বৈত, দাবা, শুটিং, আর্চারি, সাঁতার, কল ব্রিজ ও টোয়েন্টি নাইন। সবকটি খেলাই অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্টেডিয়াম ও এর সংলগ্ন বিভিন্ন ভেন্যুতে।
রবিবার অনুষ্ঠিত হবে ক্যারাম একক ও দ্বৈত ডিসিপ্লিনের খেলা। ক্যারাম দ্বৈতের কোয়ার্টার ফাইনাল আর এককে হবে দ্বিতীয় রাউন্ডের খেলা।