জাভা সাগরে জাহাজ নিখোঁজ, ১০২ জন উদ্ধার: এখনও নিখোঁজ ১৪০

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
Main News Image

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে দক্ষিণ কালিমান্তানগামী ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের একটি যাত্রীবাহী জাহাজ জাভা সাগরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে। শনিবার গভীর রাতে বানজারমাসিন শহরের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার দূরে থাকা অবস্থায় জাহাজটির সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। জাহাজটিতে ২৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দুই ঘণ্টার মধ্যে খবর পেয়ে রবিবার সকাল থেকে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী দল জাভা সাগরে বড় ধরনের অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। বানজারমাসিন সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আই পুতু সুদায়ানা জানান, খবর পাওয়ার পরপরই জাহাজটির শেষ পাওয়া দূরবর্তী অবস্থানের দিকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

চলতি অভিযানে এ পর্যন্ত ১০২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ১ জন যাত্রীর প্রাণহানির কথা নিশ্চিত করা হয়েছে এবং এখনও অন্তত ১৪০ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। প্রাথমিক ধারণামতে, সাগরে তীব্র প্রতিকূল আবহাওয়া ও দুর্যোগের মুখে পড়েই জাহাজটি এই দুর্ঘটনার শিকার হতে পারে। নিখোঁজ যাত্রীদের সন্ধানে সাগরে উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।