দ্বিতীয় সন্তানের সুখবর দিলেন ‘রঈস’ খ্যাত মাহিরা খান

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ এএম
Main News Image

২০১৭ সালে শাহরুখ খানের বিপরীতে ‘রঈস’ ছবি দিয়ে বলিউডে পা রাখা জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। ৪১ বছর বয়সি এই তারকা সম্প্রতি সমাজমাধ্যমে এক বিশেষ পোস্টের মাধ্যমে ভক্তদের জানিয়েছেন যে, তিনি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছেন।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে কোনো অতিরিক্ত সাজসজ্জা বা জাঁকজমক ছিল না। একটি সাদা ঢিলেঢালা গাউন পরে স্ফীতোদরে হাত রেখে হাসিমুখে ধরা দিয়েছেন তিনি। ছবির ক্যাপশনে মাহিরা লিখেছেন, “আমরা আমাদের মতো করে পরিকল্পনা করি ঠিকই, কিন্তু সব কিছুর ওপরে থাকে ঈশ্বরের পরিকল্পনা।”

ব্যবসায়ী সেলিম করিমের সঙ্গে ২০২৩ সালের অক্টোবরে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিরা। নতুন আসতে যাওয়া সন্তানটি এই দম্পতির প্রথম সন্তান। তবে প্রথম স্বামী আলি আসকারির সংসারে মাহিরার ‘আজ়লান’ নামের ১৭ বছরের একটি ছেলে রয়েছে।

বর্তমানে মাহিরা কানাডার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সেখানে অবস্থান করছেন। সেখানে সিনেমায় বিশেষ অবদানের জন্য তিনি সম্মানিত হয়েছেন এবং একটি আলোচনাসভাও সঞ্চালনা করেছেন। ‘হমসফর’ ধারাবাহিকের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া মাহিরার ঝুলিতে রয়েছে ‘সদকে তুমহারে’, ‘বিন রোয়ে’ ও ‘সুপারস্টার’-এর মতো একাধিক জনপ্রিয় কাজ।