সিলভারস্টোনে ফের এক ফ্রেমে বিজয়-তৃষা, নতুন জল্পনা
ব্রিটেনের বিখ্যাত সিলভারস্টোন সার্কিটে অজিত কুমারের রেসিং প্রতিযোগিতা দেখতে গিয়ে ফের একই ফ্রেমে বন্দি হলেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয় এবং জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। আন্তর্জাতিক এই রেসিং ইভেন্টে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের সম্পর্ক নিয়ে অনুরাগীদের মধ্যে নতুন করে চর্চা ও জল্পনা তৈরি হয়েছে।
শনিবার সিলভারস্টোনে আয়োজিত ‘মিশেলিন লে মানস কাপ’ (Michelin Le Mans Cup)-এ অংশ নিয়েছিল অজিত কুমারের দল। এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন বিজয় এবং তিনি আনুষ্ঠানিকভাবে রেসের সূচনা করেন। রেস ট্র্যাকে অজিত ও বিজয়ের কুশল বিনিময় এবং কোলাকুলির দৃশ্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
তবে পুরো অনুষ্ঠানে সবচেয়ে বেশি নজর কাড়ে বিজয়ের সঙ্গে তৃষা কৃষ্ণানের উপস্থিতি। রেসিং সার্কিটে তাঁদের একসঙ্গে থাকা এবং পরস্পরকে অভিবাদন জানানোর দৃশ্য নেটদুনিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়। বিজয়ের পারিবারিক টানাপোড়েনের সময় তৃষাকে ঘিরে নানাবিধ বিতর্ক তৈরি হয়েছিল। পরবর্তীতে সেই আলোচনা খানিকটা থিতিয়ে গেলেও আন্তর্জাতিক অঙ্গনে দুজনের এই একত্র উপস্থিতি চর্চার আগুনে নতুন করে জ্বালানি জুগিয়েছে।
সম্প্রতি লন্ডনে বর্ষীয়ান অভিনেত্রী রাধিকা শরৎকুমারের সঙ্গেও তৃষার একটি ছবি প্রকাশ্যে এসেছিল। এর পরপরই সিলভারস্টোনে বিজয়ের পাশে তৃষার অবস্থান দেখে দুই তারকার সম্পর্ক নিয়ে অনুরাগীদের কৌতূহল আরও ঘনীভূত হয়েছে।