সময় এগিয়ে দেন অমিতাভ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পিএম
Main News Image

স্ত্রীর সাজগোজের কারণে কোথাও বের হতে দেরি হওয়া ঠেকাতে এক অভিনব ও মজার কৌশল বের করেছেন অমিতাভ বচ্চন। সম্প্রতি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র মঞ্চে সঞ্চালনাকালে জয়া বচ্চনকে সময়মতো প্রস্তুত করার এই বিশেষ অভিজ্ঞতার কথা ভাগ করে নেন বিগবি।

অনুষ্ঠানে অমিতাভকে প্রশ্ন করা হয়, কোথাও যাওয়ার সময় স্ত্রী দেরি করলে তিনি কীভাবে পরিস্থিতি সামাল দেন? জবাবে অমিতাভ জানান, জয়াকে সঠিক সময়ে তৈরি করতে তিনি সময়ের হিসাব একটু বদলে দেন। কোথাও যাওয়ার যে মূল সময়, তার ঠিক ১ ঘণ্টা আগের সময় স্ত্রীকে জানান তিনি।

উদাহরণ দিয়ে এই মেগাস্টার বলেন, কোনো অনুষ্ঠানে যদি বিকেল ৫টায় বের হওয়ার কথা থাকে, তবে তিনি জয়াকে বলেন ৪টায় বের হতে হবে। ফলে জয়া সাড়ে ৩টে বা ৪টে থেকে সাজতে শুরু করেন এবং শেষ পর্যন্ত সঠিক সময়েই তাঁর পুরো প্রস্তুতি শেষ হয়ে যায়।

অমিতাভ বচ্চনের মুখ থেকে অত্যন্ত সাধারণ ও বাস্তবসম্মত এই কৌশলের কথা শুনে হাসিতে ফেটে পড়েন অনুষ্ঠানের দর্শকেরা। বলিউডের এই শাহেনশাহকেও যে স্ত্রীর সময়ানুবর্তিতা বজায় রাখতে এমন কৌশল খাটাতে হয়, তা জেনে দারুণ মজা পেয়েছেন অনুরাগীরা।