ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর: ইসির তফসিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ এএম
Main News Image

জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বিজয়ী সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর আসনটি শূন্য ঘোষিত হয়। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এই উপনির্বাচনের সময়সূচি ঘোষণা করেন।

মনোনয়নপত্র জমাদানের শেষ দিন: ২৭ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই: ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন: ৭ অক্টোবর, 

প্রতীক বরাদ্দ: ৮ অক্টোবর ও ভোট গ্রহণ: ২৯ অক্টোবর।

আসনটিতে ইতোমধ্যে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। গত ১২ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনেও তিনি ১১-দলীয় ঐক্যের প্রার্থী ছিলেন। সেই নির্বাচনে ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

তবে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। রাজনৈতিক মহলে এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই মির্জা ফয়সাল আমীন এবং তাঁর মেয়ে শামারুহ মির্জা।