ভারতে ফিরছে আইপিএল নিলাম
আইপিএলের নিলামের মুহূর্ত। ফাইল ছবি
দীর্ঘ তিন বছর পর পুনরায় ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কোটিপতি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। আগামী ডিসেম্বরে আয়োজিত এই প্রতিযোগিতায় ক্রিকেটারদের কেনাবেচার জন্য প্রস্তুত হচ্ছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সর্বশেষ ২০২৩ সালে কেরালার কোচিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর টানা তিন বছর যথাক্রমে দুবাই, জেড্ডা এবং আবু ধাবিতে বিদেশের মাটিতে ফ্র্যাঞ্চাইজিগুলো ক্রিকেটারদের দলভুক্ত করার লড়াইয়ে নেমেছিল।
তবে এবার সেটি আবার ভারতে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএলের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে 'ক্রিকবাজ' সূত্রে জানা গেছে। তবে এটি একটি মিনি নিলাম হবে। বিসিসিআই সূত্রের খবর, ২০২৭ সালের মহা নিলামটি (মেগা অকশন) পুনরায় বিদেশের মাটিতেই আয়োজিত হতে পারে।
বিদেশে নিলামে আপত্তির কারণ
সম্প্রতি আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি প্রতিনিধি বিদেশের মাটিতে নিলাম আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানায়। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়, বিদেশের মাটিতে কর্তাব্যক্তি, অতিথি এবং কর্মীদের যাতায়াতে নানা ধরনের প্রশাসনিক ও লজিস্টিক সমস্যার সম্মুখীন হতে হয়। প্রাথমিকভাবে এবারের নিলামও আবু ধাবিতে করার চিন্তা করা হয়েছিল। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি ও অসুবিধার কথা বিবেচনা করেই শেষ পর্যন্ত ভারতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।
কোন শহরে হবে নিলাম?
নিলামটি ভারতের কোন নির্দিষ্ট শহরে আয়োজিত হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। বোর্ড সূত্রে জানানো হয়েছে, যে শহরে সমস্ত দলের ফ্র্যাঞ্চাইজি মালিক, বিসিসিআই কর্তাবৃন্দ এবং বাকি অতিথিদের পর্যাপ্ত ও মানসম্মত আবাসন ব্যবস্থা পাওয়া যাবে, সেখানেই এই অনুষ্ঠান আয়োজিত হবে।
অক্টোবর থেকে ডিসেম্বর ভারতে বিয়ের মরসুম থাকার কারণে বড় বড় বিলাসবহুল হোটেলগুলোতে পর্যাপ্ত রুমের সংকট দেখা দেয়। বোর্ড কর্তাদের মতে, নিলামের জন্য অন্তত দু’রাতের জন্য ১০০টি উন্নত মানের ঘরের প্রয়োজন হয়। যে প্রথম সারির মেট্রোপলিটন শহরে এই সুবিধা সহজেই মিলবে, সেই শহরের নামই খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম নিয়ে নতুন বৈঠক
নিলামের পাশাপাশি বহুল চর্চিত 'ইমপ্যাক্ট প্লেয়ার' নিয়মটি নিয়েও আলোচনা হয়েছে গভর্নিং কাউন্সিলের বৈঠকে। এই নিয়মটি বাদ দেওয়ার জন্য ইতিমধ্যে একাধিক দল দাবি তুলেছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার লক্ষ্যে আগামী এক মাসের মধ্যে বিসিসিআই পুনরায় একটি বৈঠক আহ্বান করেছে।