দুই দেশের আরচ্যারীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার
চপল ও তুর্কি আল-দারবির সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ
সৌদি আরবে এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল এবং সৌদি আরব আরচ্যারী ফেডারেশনের সভাপতি তুর্কি আল-দারবি। দুই দেশের আরচ্যারী খেলার মানোন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যয় নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
সৌদি আরবে আরচ্যারীর বর্তমান অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত মতবিনিময় হয়। সাক্ষাতকালে দুই দেশের ক্রীড়া সংগঠক দ্ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করেন যে, এশীয় অঞ্চলে আরচ্যারী খেলাটিকে আরও বেশি জনপ্রিয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে যৌথভাবে কাজ করা জরুরি। বিশেষ করে প্রশিক্ষণ কর্মসূচি বিনিময়, কোচ ও জুডিসিয়ারি ডেভেলপমেন্ট এবং যৌথ ক্যাম্প আয়োজনের মাধ্যমে উভয় দেশের আরচ্যাররা উপকৃত হতে পারেন বলে তারা ঐকমত্য পোষণ করেন।
খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধিতে আধুনিক সুযোগ-সুবিধা এবং উচ্চতর প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেওয়া হয় আলোচনায়। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি মধ্যপ্রাচ্যেও আরচ্যারীর প্রসারে ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া কীভাবে ভূমিকা রাখতে পারে, সে বিষয়ে সৌদি আরবের ফেডারেশন প্রধানের সাথে বিস্তারিত আলোচনা করেন কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। বৈঠকে দুই দেশের আরচ্যারদের জন্য যৌথ ট্রেনিং ক্যাম্প এবং ফ্রেন্ডলি টুর্নামেন্ট আয়োজন করার সম্ভাব্যতা নিয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।
খেলোয়াড় ও কোচদের অভিজ্ঞতা বিনিময়ের পথ সুগম করার মাধ্যমে দুই দেশের ক্রীড়া কূটনীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে দুই নেতা আশাবাদ ব্যক্ত করেন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই ফলপ্রসূ আলোচনা এশিয়ার আরচ্যারী অঙ্গনে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।