আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় ‘আনটোল্ড স্টোরি’

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ০১:৩৬ এএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পিএম
Main News Image

আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা আয়োজন করছে শিল্পী ফারিহা জেবার কিউরেশনে দলীয় শিল্প প্রদর্শনী Untold Story। প্রদর্শনীটির উদ্বোধন হবে ১ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬টায়, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্রেদেরিক ইনজা, ডেপুটি হেড অব মিশন, বাংলাদেশে ফ্রান্স দূতাবাস এবং তানভীর আহমেদ, ম্যানেজিং ডিরেক্টর, শেলটেক গ্রুপ ও এনভয় লিগ্যাসি।

Untold Story প্রদর্শনীতে শিল্পীর বই ও সমকালীন শিল্পকর্মের মাধ্যমে মানুষের একান্ত ও প্রায়শই অনুচ্চারিত অভিজ্ঞতাগুলোকে তুলে ধরা হয়েছে। চিত্রকলা, ড্রয়িং, কোলাজ, সেলাই, টেক্সটাইল, সংগৃহীত উপকরণ এবং পরীক্ষামূলক বইয়ের নানা রূপের মাধ্যমে শিল্পীরা স্মৃতি, পরিচয়, ঐতিহ্য, হারানো, আকাঙ্ক্ষা ও জীবন-অভিজ্ঞতার মতো বিষয় নিয়ে কাজ করেছেন। ব্যক্তিগত অনুভূতি ও স্মৃতিকে তাঁরা রূপ দিয়েছেন দৃশ্যমান ও বস্তুগত শিল্পভাষায়।

এই প্রদর্শনীর কেন্দ্রে রয়েছে শিল্পীর বই—শুধু পড়ার মতো একটি বস্তু হিসেবে নয়, বরং একটি অন্তরঙ্গ শিল্প-পরিসর হিসেবে। শিল্পীরা বইয়ের মাধ্যমে স্মৃতির খণ্ডাংশ সংরক্ষণ, ব্যক্তিগত ও সাংস্কৃতিক ইতিহাসের পুনর্পাঠ এবং প্রচলিত ভাষায় প্রকাশ করা কঠিন এমন অভিজ্ঞতাকে দৃশ্যমান করার চেষ্টা করেছেন। বইয়ের পৃষ্ঠার বাইরেও প্রদর্শনীতে উপস্থাপিত বিভিন্ন শিল্পকর্ম ব্যক্তিগত আখ্যানের অংশবিশেষকে গ্যালারি-পরিসরে নিয়ে আসে, যেখানে ব্যক্তিগত স্মৃতি একটি সম্মিলিত অভিজ্ঞতার সঙ্গে যুক্ত হয়।

প্রদর্শনীতে অংশ নিচ্ছেন এষা আহমেদ, ফৌজিয়া মাহিন চৌধুরী, কাজমিন সামিয়া, সুলেখা চৌধুরী, সুমনা আক্তার ও সুরভী আক্তার। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন আলিয়া কামাল, অর্পিতা সিংহ, মাহমুদা সিদ্দিকা, রাফিয়া মাহজাবীন, ঋতুপর্ণা সাহা ও ভেনিসা কায়সার।

সাতজন দলীয় শিল্পী এক বছর ধরে শিল্পীর বইয়ের মাধ্যমে এই বিষয়টি নিয়ে কাজ করেছেন। অন্যদিকে, অতিথি শিল্পীরা অপেক্ষাকৃত স্বল্প সময়ের মধ্যে একই ভাবনাকে তাঁদের নিজস্ব শিল্পভাষায় অনুসন্ধান করেছেন। তাঁদের বৈচিত্র্যময় কাজ স্মৃতি ও অভিজ্ঞতাকে ধারণ, পুনর্ব্যাখ্যা এবং প্রকাশের বিভিন্ন পদ্ধতিকে সামনে নিয়ে আসে।

Untold Story কোনো একক আখ্যান উপস্থাপন করে না; বরং এটি খণ্ডিততা, বৈচিত্র্য এবং প্রকাশিত ও অপ্রকাশিতের মধ্যবর্তী পরিসরকে ধারণ করে। প্রদর্শনীটি দর্শকদের ভাবতে আমন্ত্রণ জানায় একান্ত ব্যক্তিগত কোনো গল্প কীভাবে অনেকের পরিচিত বা অভিজ্ঞতার সঙ্গে প্রতিধ্বনিত হতে পারে।

প্রদর্শনীর বিস্তারিত

উদ্বোধন: ১ সেপ্টেম্বর ২০২৬ | সন্ধ্যা ৬টা

প্রদর্শনীর সময়কাল: ১–৯ সেপ্টেম্বর ২০২৬

ভেন্যু: লা গ্যালারি, অ্যালায়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা

ঠিকানা: ২৬ মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা

দর্শনের সময়: প্রতিদিন, বিকেল ৩টা–রাত ৯টা

প্রবেশ: সবার জন্য উন্মুক্ত