আসুন দেশটাকে সুন্দর রাখি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:৩৯ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৪৭ পিএম
Main News Image

আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে দেশবাসীকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে পুরো বাংলাদেশকে আবর্জনা মুক্ত ও বাসযোগ্য রাখার বার্তা দেওয়া হয়েছে।

সোমবার সকালে ভেরিফাইড ফেসবুক পেজে প্রচারিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানান।

আশঙ্কাজনকআশঙ্কাজনক হারে বাড়ছে প্লাস্টিক দূষণ

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, পরিচ্ছন্ন পরিবেশের বিষয়টি সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্পর্শ করে। ৪০ বা ৩০ বছর আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ও ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

জনদুর্ভোগ ও সঠিক বর্জ্য ব্যবস্থাপনা

দেশের সিংহভাগ মানুষের চলাচলের মাধ্যম হাঁটা পথ কিংবা গণপরিবহন। রাস্তা পারাপারের সময় বিভিন্ন জায়গায় জমে থাকা আবর্জনা ও দুর্গন্ধের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, সবাই যদি কিছুটা সচেতন হয়ে ব্যবহারের পর আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলি এবং তা সঠিক উপায়ে বিনষ্ট করার ব্যবস্থা করি, তবে আমাদের পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনই চারপাশ সুন্দর হয়ে উঠবে।

'ঘরের মতো ভালোবাসতে হবে দেশটাকে'

নিজের থাকার ঘরের উদাহরণ টেনে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, যে বাসাটিতে মানুষ থাকে, তার চারিদিকে যদি আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকত তবে কি কারও দেখতে ভালো লাগত? নিশ্চয়ই না। কবি যে 'সবুজ, শস্য-শ্যামলা' ভূখণ্ডের বর্ণনা দিয়েছেন, সচেতন চেষ্টার মাধ্যমে আমরা সেই রূপ ফিরিয়ে আনতে পারি।

সাময়িক পরিচ্ছন্নতা নয়, প্রয়োজন স্থায়ী সচেতনতা

দেশের বিভিন্ন অঞ্চলে তাঁর সাম্প্রতিক সফরের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, অতীতে যেসব পুকুর বা জলাশয়ের পাড়ে মানুষ পরিবার-পরিজন নিয়ে বসে গল্প করত, বর্তমানে সেখানে ময়লার স্তূপ দেখা যায়। পরিচ্ছন্নতাকর্মীরা পরিষ্কার করার পরও জনসচেতনতার অভাবে তা আবার আগের অবস্থায় ফিরে যায়। পরবর্তীতে যে ব্যক্তি আসবে, সে যেন পরিচ্ছন্ন পরিবেশ উপভোগ করতে পারে, সেজন্য প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গড়ার ডাক

দেশ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "দেশটা তো আমাদের সকলের। আমরা সকলে মিলে যদি চেষ্টা করি তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব।" একটি সুন্দর ও দূষণমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তিনি দেশবাসীর কাছে প্রত্যক্ষ সহযোগিতা ও অংশীদারিত্ব কামনা করেন।