‘এই বর্ষায় বই নিয়ে আমরা আসছি আপনার ঘরের পাশে’
চলছে বর্ষাকাল। বৃষ্টিস্নাত এই বর্ষায় বইপ্রেমীদের জন্য প্রথমবারের মতো সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘গ্রন্থিক’ ও বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ যৌথভাবে আয়োজন করেছে দুই দিনের বর্ষাকালীন বইমেলা।
১০ ও ১১ জুলাই (শুক্র ও শনিবার) সকাল ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত বইমেলা চলবে ঢাকার ধানমন্ডি (পুরাতন) ২৭ এ রাপা প্লাজার ৫ম তলায় বাহারি আহার-এ।
মেলায় গ্রন্থিক প্রকাশনের নিজস্ব বই ছাড়াও থাকছে দেশের প্রায় ১৫টি প্রতিষ্ঠানের বই। এছাড়া দুইদিনই মেলায় দেশের গুরুত্বপূর্ণ কবি, লেখক উপস্থিত থাকবেন, পাঠকের সঙ্গে আড্ডা দেবেন, অটোগ্রাফ দেবেন।
আয়োজক প্রতিষ্ঠান গ্রন্থিক প্রকাশনের প্রকাশক রাজ্জাক রুবেল বলেন, ‘এই বর্ষায় বই নিয়ে আমরা আসছি আপনার ঘরের পাশে’ স্লোগানকে সামনে রেখে ‘বর্ষাকালীন বইমেলা’ আয়োজনের উদ্যোগ নিয়েছি আমরা। প্রথমবারের মতো যৌথভাবে এই আয়োজন করছি। আমাদের পরিকল্পনায় রয়েছে রাজধানীর আরও বেশ কয়েকটি স্থানে বইমেলা করার। ঢাকার বইপ্রেমীদের মেলায় আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
‘এবং বই’ সম্পাদক ফয়সাল আহমেদ বলেন, বছরব্যাপী বই নিয়ে নানা উদ্যোগের অংশ হিসেবে আমরা বর্ষাকালীন বইমেলার আয়োজন করেছি। আমরা আশা করছি, বইপ্রেমীদের সক্রিয় অংশগ্রহণে সফল হবে এই আয়োজন।