সময়ের ডিউরেশন
একটা সময় ভাবতাম, এই পৃথিবীটা বুঝি আমার মতোই সহজ, সরল আর আন্তরিক। কিন্তু না স্বপ্নকে মাঝপথে থামিয়ে মানুষ খুব সহজেই বদলে যেতে পারে। যাই হোক, আমার মনের জায়গাটা বড়ই মূল্যবান। সেখানে যার যতটুকু প্রাপ্য, সেটুকুই থাক সেই ভালো।
বন্ধুত্ব নিয়ে আমার দর্শন প্রতিনিয়তই পাল্টে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন, মনের মতো না হলে কেউ খাবারও খেতে চায় না, মনের মতো না হলে কেউ জামাও গায়ে জড়াতে চায় না। তেমনি, মনের মতো মানুষ না হলে বন্ধুত্বও জমে ওঠে না।
আমি সবার সঙ্গে হ্যাঁ বলা মানুষ নই, আবার সবার সঙ্গে না বলার মানুষও নই। অর্থাৎ, স্বভাবে আমি একেবারেই কমন পারসন নই। মন শান্ত করার জন্য প্রয়োজনে আমি পুরোনো দিনের গান শুনি, বিকেলের নরম আলোয় হাঁটি, বৃষ্টির শব্দ শুনি, তারাভরা রাত দেখি, আকাশ কিংবা পাহাড়ের নীরবতার আশ্রয় নিই। এসবের মধ্যেই আমি একধরনের শান্তি খুঁজে পাই। আমি সহজকেই ভালোবাসি, আন্তরিকতাকে আরও বেশি ভালোবাসি। ভিড়ের চেয়ে নির্ভরতাকেই আমার বেশি ভালো লাগে।
আমি একটু আগেই বলেছি, আমি অত্যন্ত সহজ-সরল একজন মানুষ। কিন্তু তাই বলে আমি সহজলভ্য নই। আমার বিশ্বাস, যারা আমার মতো সহজ-সরল মানুষ, তারা কখনোই সম্পর্ককে জটিল করে তুলতে পারে না। আমি এটাও বিশ্বাস করি, আমার মতো সহজ-সরল মানুষেরও ক্লান্তি আছে, অভিমান আছে। এমনকি ধারাবাহিক অবহেলায় তারাও একসময় বদলে যেতে পারে।
ফেসবুক একটা বিশাল রঙ্গশালা এটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। এখানে নানা কিছুর সঙ্গে হরেক রকম রঙ মিশে থাকে। তবে এই রঙের খেলা দেখতে আমাদের মন্দ লাগে না।
আমার কাছে জীবন কোনো প্রতিযোগিতা নয় যে আমাকে সবার আগে পৌঁছাতেই হবে। অথচ আজকাল মানুষের রুচি খুব দ্রুত বদলে যাচ্ছে। এমনকি সম্পর্কের সংজ্ঞাও বদলে যাচ্ছে, ভালোবাসা প্রকাশের ধরনও বদলে যাচ্ছে। আমরা অকারণেই আনন্দকে জটিল করে ফেলছি। অথচ সম্পর্ক অনেকটা নাচের মুদ্রার মতো ছন্দ, ভারসাম্য আর পারস্পরিক বোঝাপড়ার ওপরই তার সৌন্দর্য নির্ভর করে।
যাই হোক, পৃথিবীতে কোনো সম্পর্কই নিখুঁত ছিল না। তবুও মানুষ হাজার হাজার বছর ধরে সম্পর্ক গড়েছে, আজও গড়ছে, ভবিষ্যতেও গড়বে। সুতরাং অভিযোগ করে লাভ নেই। অভিযোগ কেবল অভাববোধকে আরও বাড়িয়ে দেয়। তাই বলি, জীবনকে সুন্দর ও সুখময় করতে বারবার ভাগ্য বদলানোর দরকার নেই; শুধু নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন, ব্যস তাতেই চলবে। নিজের ভাঙাচোরা অংশগুলো জোড়া লাগাতে না পারলে অভিনয় করে অটুট থাকার কোনো লাভ নেই।
শেষ কথাটা বলি সব কিছুরই একটা সময়কাল আছে। সময়ের ডিউরেশন শেষ হয়ে গেলে আসক্তিও ধীরে ধীরে ফিকে হয়ে যায়। তাই প্রতিটি মুহূর্তই আমার কাছে অমূল্য। সম্পর্ক যেন হড়কা বানের মতো না হয়; তাহলে সেটা না হবে স্থায়ী, না হবে শিথিল শুধু ক্ষণস্থায়ী এক প্রবাহ হয়ে হারিয়ে যাবে।