আইরিন খান জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:৪২ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০১:১৭ এএম
Main News Image

মানবাধিকারকর্মী আইরিন খান

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের পরবর্তী স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন দেশে-বিদেশে বহুল পরিচিত প্রখ্যাত মানবাধিকারকর্মী আইরিন খান। তাকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর স্থলাভিষিক্ত হবেন তিনি। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আসছে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরুর আগে আইরিন খান তার নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন।

আইরিন খান ২০২০ সালের ১ আগস্ট থেকে জাতিসংঘে মতপ্রকাশের স্বাধীনতা ও সুরক্ষাবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার (দূত) হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে এই পদ চালু হওয়ার পর থেকে তিনি প্রথম নারী হিসেবে এ দায়িত্ব পান।

তিনি বর্তমানে জেনেভার গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজে শিক্ষকতা করছেন। ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ বইয়ের সহলেখক তিনি। বইটি বিভিন্ন দেশে সাতটি ভাষায় প্রকাশিত হয়েছে।

২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন আইরিন খান। প্রথম নারী হিসেবে সংস্থাটির নেতৃত্ব দেন তিনি। 

২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল অর্গানাইজেশনের (আইডিএলও) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এটি একমাত্র আন্তসরকারি সংস্থা, যা শুধু আইনের শাসন এবং টেকসই উন্নয়ন নিয়ে কাজ করে।

তিনি ২০১০ থেকে ২০১১ পর্যন্ত দ্য ডেইলি স্টারের ‘কনসাল্টিং এডিটর’ হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে তিনি মানবাধিকার, গণতন্ত্র ও নারী-পুরুষের সমতাসহ বিভিন্ন বিষয়ে কাজ করেছেন। স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করেছেন তিনি। 

মানবাধিকার রক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০০৬ সালে ‘সিডনি পিস প্রাইজ’সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। বাংলাদেশে জন্ম নেওয়া আইরিন পড়াশোনা করেছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি ও হার্ভার্ড ল স্কুলে।