বৃষ্টির বিকেলে আড্ডায় মচমচে নাস্তা
আকাশে কালো মেঘের ঘনঘটা। এই বৃষ্টি, এই মেঘ। কদিন ধরেই চলছে। বিকেলের এমন আবহাওয়ায় মন চায় এক কাপ গরম চা। আর সাথে যদি থাকে কিছু মচমচে খাবার, তবে তো কথাই নেই। বর্ষার বিকেল জমিয়ে তুলতে মুখরোচক নাস্তার জুড়ি নেই। বৃষ্টিভেজা দিনে পরিবারের সবাইকে চমকে দিতে ঘরেই বানিয়ে ফেলুন দারুণ সুস্বাদু নাস্তা।
১. কুড়কুড়ে ঢ্যাঁড়স ভাজা : খুব কম সময়ে একদম মচমচে ঢ্যাঁড়স ভাজা তৈরির সহজ উপায়:
প্রস্তুতি: প্রথমে ঢ্যাঁড়সগুলো ভালো করে ধুয়ে নিন। এরপর সুতি কাপড় দিয়ে পানি ভালো করে মুছে শুকিয়ে নিন। ঢ্যাঁড়সে পানি থাকলে তা মচমচে হবে না। এবার ঢ্যাঁড়সের দুই দিকের বোঁটা কেটে বাদ দিন। মাঝখান থেকে লম্বালম্বি ৪ ফালি করে কেটে নিন। চাইলে ভেতরের বীজ ফেলে দিতে পারেন।
মশলা মাখানো: একটি পাত্রে কাটা ঢ্যাঁড়স নিন। তেল, লবণ ও মশলা বাদে বাকি সব উপকরণ যোগ করুন। বেসন, চালের গুঁড়ো, হলুদ, কাঁচা মরিচ, জিরে ও ধনে গুঁড়ো ঢ্যাঁড়সের গায়ে ভালো করে মাখিয়ে নিন।
জরুরি টিপস: লবণ একদম শেষে দেবেন। আগে লবণ দিলে ঢ্যাঁড়স থেকে জল বেরোবে। ফলে ভাজা নরম হয়ে যাবে। সবশেষে গরম তেলে মচমচে করে ভেজে তুলে নিন।
২. সুস্বাদু ডালের বড়া : বিকেলের চায়ের আড্ডায় মসুর ডালের বড়া স্ন্যাক্স হিসেবে দারুণ জমে। যেভাবে বানাবেন:
ডাল বাটা : মসুর ডাল ভালো করে ধুয়ে ৪৫ মিনিট ভিজিয়ে রাখুন। ডাল ফুললে পানি ভালো করে ছেঁকে নিন। এবার মিক্সিতে বা শিল-পাটায় ডালটি বেটে নিন। বাটার সময় একদম পানি দেবেন না। ডাল পুরো মিহি করবেন না। একটু আধবাটা রাখলে বড়া বেশি মচমচে হয়।
মিশ্রণ তৈরি: পাত্রে ডাল বাটা নিন। এর সাথে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনেপাতা, আদা-রসুন বাটা, হলুদ, কালো জিরে ও লবণ দিন। মিশ্রণটি ৫ মিনিট ভালো করে ফেটিয়ে নিন। এতে বড়া ভেতরে নরম ও ওপরে মচমচে হবে।
ভাজা: কড়াইতে তেল গরম করুন। মাঝারি আঁচে ডালের মিশ্রণ ছোট ছোট বড়ার আকারে ছাড়ুন। উল্টেপাল্টে সোনালি ও লালচে করে ভাজুন। আঁচ বেশি হলে ভেতর কাঁচা থেকে যাবে।
ভাজা শেষে ওপরে চাট মশলা ছড়িয়ে দিন। সস বা কাসুন্দির সাথে গরম গরম পরিবেশন করুন।