জাতীয় ক্রীড়া পরিষদের নতুন পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী দায়িত্ব গ্রহণ

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৭:৩২ পিএম
Main News Image

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) নতুন ক্রীড়া পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিয়েছেন জাহেদ পারভেজ চৌধুরী। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই নিজ কার্যালয়ে বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের কর্মকর্তা, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের শুভেচ্ছায় সিক্ত হন তিনি।

দায়িত্ব গ্রহণের পর জাহেদ পারভেজ চৌধুরী বলেন, সরকারের ক্রীড়া উন্নয়নের লক্ষ্য বাস্তবায়নই হবে তার প্রধান অগ্রাধিকার। তিনি জানান, বিভিন্ন ক্রীড়া ফেডারেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কাজ করবেন এবং দুর্নীতির বিরুদ্ধে থাকবে ‘জিরো টলারেন্স’ নীতি। অতীতে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, নিজেদের কর্মপরিকল্পনার পাশাপাশি ফেডারেশনগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। সরকারের ক্রীড়া উন্নয়ন কর্মসূচি সফল করতে ফেডারেশন কর্মকর্তা, খেলোয়াড়, সংগঠক ও ক্রীড়া সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি। পাশাপাশি অভিযোগ, পরামর্শ কিংবা যে কোনো প্রয়োজন নিয়ে সবাইকে তার সঙ্গে যোগাযোগের আহ্বান জানিয়ে বলেন, তার দপ্তরের দরজা সবার জন্য উন্মুক্ত থাকবে।

নতুন ক্রীড়া পরিচালক হিসেবে জাহেদ পারভেজ চৌধুরীর দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়েছেন দেশের ক্রীড়াঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় শুটার শারমিন আক্তার রত্না বলেন, ক্রীড়া উন্নয়নের লক্ষ্য অর্জনে সঠিক মানুষের সঠিক জায়গায় দায়িত্ব পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

এ ছাড়া সাবেক ব্যাডমিন্টন খেলোয়াড় ও বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের যুগ্ম সম্পাদক এলিনা সুলতানা, সাবেক জাতীয় ফুটবলার ও বাংলাদেশ হকি ফেডারেশনের কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন, সাবেক দাবাড়ু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পরাগ এবং সাবেক জাতীয় ভলিবল খেলোয়াড় ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মমিন সাদ্দামসহ উপস্থিত ক্রীড়া সংগঠকরা নতুন পরিচালকের প্রতি আস্থা প্রকাশ করেন।

তাদের প্রত্যাশা, জাতীয় ক্রীড়া পরিষদ ও বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমবে, প্রশাসনিক জটিলতা হ্রাস পাবে এবং সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরে আসবে।