যেভাবে হলেন দিলীপ কুমার
বলিউডের প্রবাদপ্রতীম অভিনেতা দিলীপ কুমারের আসল নাম যে ইউসুফ খান, তা প্রায় সব চলচ্চিত্রপ্রেমীরই জানা। কিন্তু খ্যাতির চূড়ায় পৌঁছানো এই অভিনেতা কেন নিজের জন্মসূত্রে পাওয়া নাম বদলে রূপালী পর্দায় 'দিলীপ কুমার' হয়ে উঠলেন? সম্প্রতি অভিনেতার পঞ্চম মৃত্যুবার্ষিকীতে স্ত্রী সায়রা বানুর স্মৃতিচারণের মাঝেই প্রকাশ্যে এসেছে সত্তরের দশকে দেওয়া দিলীপ কুমারের এক পুরোনো সাক্ষাৎকার। সেখানে তিনি নিজেই খোলসা করেছিলেন ইউসুফ খান থেকে দিলীপ কুমার হওয়ার সেই মজার অথচ আতঙ্কের গল্প।
বাবার মারের ভয় ও অভিনয় বিরোধিতা
সাক্ষাৎকারে নাম পরিবর্তনের নেপথ্য কারণ জানাতে গিয়ে হেসেই ফেলেন অভিনেতা। তিনি অকপটে স্বীকার করেন, "সত্যিটা বলব? মার খাওয়ার ভয়ে আমি এই নাম নিয়েছিলাম।"
দিলীপ কুমার জানান, তাঁর বাবা চলচ্চিত্রে অভিনয়ের তীব্র বিরোধী ছিলেন। সেই সময়ে প্রখ্যাত অভিনেতা পৃথ্বীরাজ কাপুর সিনেমায় অভিনয় শুরু করলে, দিলীপ কুমারের বাবা তাঁর ঘনিষ্ঠ বন্ধু (পৃথ্বীরাজের বাবা লালা বশেশ্বরনাথ কাপুর)-কে খোঁচা দিয়ে বলতেন, “দ্যাখো, তোমার সুদর্শন ছেলে কী করছে! সিনেমায় অভিনয়!”
স্বভাবতই, বাবা ছিলেন অত্যন্ত রাগী মানুষ। তাই ইউসুফ খান যখন নিজে অভিনয়ে আসার সিদ্ধান্ত নেন, তখন তাঁর মনে একটাই আতঙ্ক কাজ করছিল— বাবা জানতে পারলে রক্ষে নেই!
প্রস্তাবিত নাম ও চূড়ান্ত 'দিলীপ কুমার'
অভিনয়ে পা রাখার সময় ইউসুফ খান একটি বিষয়ে একবারে অনড় ছিলেন— কোনোভাবেই নিজের আসল নাম ব্যবহার করা যাবে না। তিনি স্বাচ্ছন্দ্যবোধ করবেন এমন কোনো নাম বেছে নেওয়ার স্বাধীনতা তাঁকে দেওয়া হয়। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে দুই-তিনটি নাম প্রস্তাব করা হয়েছিল।
তবে তিনি নিজে নামটি চূড়ান্ত করেননি। এর কয়েক মাস পর একটি বিজ্ঞাপনে নিজের ছবি ও নতুন নাম দেখে তিনি জানতে পারেন যে, রূপালী পর্দার জন্য তাঁর নাম ‘দিলীপ কুমার’-ই চূড়ান্ত করা হয়েছে।
স্মৃতিতে জীবন্ত 'ইউসুফ'
কাজের জায়গায় 'দিলীপ কুমার' হলেও ঘনিষ্ঠ বন্ধুদের কাছে তিনি সারাজীবন 'ইউসুফ খান'-ই ছিলেন। উল্লেখ্য, ২০২১ সালের ৭ জুলাই প্রয়াত হন এই কিংবদন্তি তারকা। তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন এক বার্তায় স্ত্রী সায়রা বানু লেখেন, "জীবনের সবচেয়ে সুন্দর বিষয় হল, মানুষ সত্যিই কখনও চলে যায় না। সে স্মৃতিতে বেঁচে থাকে। ...তিনি শুধু বিশ্ববন্দিত অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে বড় ভরসা।"