রোনাল্দো ছাড়িয়ে গেল মেসিকে!
ক্রিস্তিয়ানো রোনাল্দো। ছবি: সংগৃহীত
বিশ্ব ফুটবলের দুই জীবন্ত কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনাল্দো ও লিওনেল মেসির জনপ্রিয়তার লড়াই নতুন কিছু নয়। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর বিশ্বব্যাপী মূল্যায়নে মেসি ও বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডনকে পেছনে ফেলে সর্বকালের সবচেয়ে পরিচিত ক্রীড়াবিদ হিসেবে শীর্ষস্থান দখল করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনাল্দো।
AI-এর তালিকায় শীর্ষে রোনাল্দো, ভাইরাল ‘এক শব্দ’
মেক্সিকোর জনপ্রিয় পডকাস্ট ‘হামব্রিয়াদোস’ (Hambriados) একটি ইনস্টাগ্রাম রিলে AI-এর তৈরি এই তালিকা প্রকাশ করে। বৈশ্বিক প্রভাব এবং সোশ্যাল মিডিয়ার বিপুল অনুরাগী সংখ্যার ওপর ভিত্তি করে তৈরি এই তালিকা যেখানে প্রথম স্থানে ক্রিস্তিয়ানো রোনাল্দো, দ্বিতীয় স্থানে মাইকেল জর্ডন ও তৃতীয় স্থানে লিওনেল মেসি।
পোস্টটি নজরে আসার পর রোনাল্দো নিজে স্প্যানিশ ভাষায় মাত্র একটি শব্দে মন্তব্য করেন— ‘Fácil’ (বাংলায় যার অর্থ ‘প্রত্যাশিত’ বা ‘সহজ’)। তাঁর এই আত্মবিশ্বাসী এক শব্দের মন্তব্য মুহূর্তের মধ্যেই ইনস্টাগ্রাম, এক্স (টুইটার) এবং থ্রেডসে ভাইরালে পরিণত হয়।
রেকর্ডের পর রেকর্ড: মাঠেও অনন্য রোনাল্দো
শুধু সোশ্যাল মিডিয়া বা জনপ্রিয়তার তালিকাতেই নয়, মাঠের পারফরম্যান্সেও একের পর এক ইতিহাস গড়ে যাচ্ছেন ৪১ বছর বয়সী এই মহাতারকা। ছয় বিশ্বকাপেই গোল। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে টানা ৬টি ভিন্ন ফিফা বিশ্বকাপে গোল করার অনন্য নজির গড়েছেন তিনি। চার দেশে লিগ জয়। ইংল্যান্ড, স্পেন ও ইতালির পর আল নাসেরের হয়ে ২০২৫-২৬ মরশুমে সৌদি প্রো লিগ জিতে চার ভিন্ন দেশে ঘরোয়া লিগ জয়ের ট্রফি ক্যাবিনেট সমৃদ্ধ করেছেন।
পর্তুগালের অধিনায়ক হিসেবে ২০১৬ সালে ইউরো কাপ এবং ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ খেতাব জয় করেছেন। ১,০০০ গোলের ঐতিহাসিক মাইলফলকের সামনে পাঁচবারের ব্যালন ডি'অর ও পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রোনাল্দোর সামনে এখন ফুটবল ইতিহাসের অন্যতম বড় মাইলফলক।
এক নজরে রোনাল্দোর ক্যারিয়ার পরিসংখ্যান:
সিনিয়র ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ইতিমধ্যে ৯৭৬টি গোল সম্পন্ন করেছেন রোনাল্দো। ১,০০০ অফিসিয়াল গোলের রূপকথার মাইলফলক স্পর্শ করা থেকে তিনি এখন মাত্র ২৪ গোল দূরে।