ক্রীড়া সংগঠক এ টি এম শামসুল আলম আনুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন ও ওয়ারী ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং রাষ্ট্রীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ টি এম শামসুল আলম (আনু)-এর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ।
করোনা মহামারির সময় ২০২১ সালের ৩১ জুলাই তিনি উত্তরায় নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৯৪২ সালের ১৫ এপ্রিল পুরান ঢাকার আরমানিটোলায় জন্মগ্রহণকারী আনু ১৯৫৮ সালে ওয়ারী ক্লাবের একজন সক্রিয় হকি খেলোয়াড় হিসেবে তাঁর ক্রীড়া জীবন শুরু করেন। স্বাধীনতার পর তিনি ওয়ারী ক্লাব এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দক্ষিণ এশিয়া টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বাংলাদেশের টেবিল টেনিসে আন্তর্জাতিক পর্যায়ে অর্জিত একাধিক সাফল্য ও পদকের পেছনে মরহুম এ টি এম শামসুল আলম (আনু)-এর প্রত্যক্ষ ও পরোক্ষ অবদান স্মরণীয় হয়ে আছে। তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতা দেশের টেবিল টেনিসের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন গভীর শ্রদ্ধার সঙ্গে মরহুম এ টি এম শামসুল আলম (আনু)-এর অবদান স্মরণ করছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।আ