পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রামের

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
Main News Image

টঙ্গীর আরচ্যারি ট্রেনিং একাডেমিতে পর্দা নামল প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপ অ্যান্ড জয়েন্ট ট্রেনিং প্রোগ্রাম’-এর। ঘরের মাঠে এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশের আরচ্যারসহ বিভিন্ন দেশের প্রতিযোগীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক পদক নিজেদের করে নিয়েছেন।

প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপের রিকার্ভ মিক্সড টিম ইভেন্টে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে স্বর্ণপদক অর্জন করেছেন বাংলাদেশের আরচ্যার সীমা আক্তার শিমু। শিমু ও মালয়েশিয়ার মোহাম্মদ দানিশের জুটি গড়া ‘আজালিয়া’ দল ৬-০ সেটে প্রতিপক্ষ ‘ব্লুবেল’ দলকে পরাজিত করে এই গৌরব অর্জন করে। একই ইভেন্টের ব্রোঞ্জপদক নির্ধারণী লড়াইয়ে প্রিমরোজ দল ডালিয়া দলকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করে।

​এদিকে, রিকার্ভ অনূর্ধ্ব-১৮ মিক্সড টিম ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ‘লিলি’ দল। ফাইনালে লিলি দলের দুই প্রতিযোগী অ্যাঞ্জেলা ফিলিপ অ্যালেক্সিস এবং রুদ্র কুমার ৬-০ সেটে জয়লাভ করেন মোনা আলশারা ও দ্যানেশ বালাজি চেরালের বিপক্ষে। এই বিভাগে ব্রোঞ্জপদক জিতেছে ‘পিওনি’ দল।

​রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রুপার পদক অর্জন করেছেন বাংলাদেশের রাম কৃষ্ণ সাহা। স্বর্ণপদকের লড়াইয়ে তিনি ভুটানের আরচ্যার শেরিং কিনলের মুখোমুখি হন। প্রথম সেট জিতলেও রাম কৃষ্ণ ২-৬ সেটে 

হেরে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকেন। এছাড়া রিকার্ভ পুরুষ এককে বাংলাদেশের আবদুর রহমান আলিফ চতুর্থ স্থান অর্জন করে প্রতিযোগিতা শেষ করেন। অন্যদিকে, রিকার্ভ নারী এককের ফাইনালে হয়েছে অল চাইনিজ লড়াই। স্বদেশী জিয়াওয়েন শেনকে হারিয়ে সোনা জয় করেন মুজি লি।

রিকার্ভ অনূর্ধ্ব-১৮ নারী এককে বাংলাদেশের সোনালি রায় ও সাইমা সালাহ উদ্দিন যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থান লাভ করেন। এই ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন সংযুক্ত আরব আমিরাতের সামিয়া। তিনি হারিয়েছেন ভারতের আনন্দরাও গাথাকে।

অন্যদিকে রিকার্ভ অনূর্ধ্ব-১৮ পুরুষ এককের সেমিফাইনালে লড়াই করে প্রতিযোগিতায় চতুর্থ স্থান অর্জন করেন বাংলাদেশের ইমতিয়াজ আমিন ফতেমি ফুয়াদ। এই ইভেন্টের ফাইনাল ম্যাচে ভারতের বালাজি হারিয়েছেন ফিলিপাইনের মার্ক জেনারেলকে। 

প্রতিযোগিতা শেষে হয়েছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান।বিজয়ীদের মাঝে পদক তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার প্রদান করেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল, ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ১ম সহ-সভাপতি সাদ আল মাসাদা, নির্বাহী সদস্য হেনারথ পাথিরাণ্নেহেলাগে সুনেথরা সেনেভীরাত্নে, বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা প্যাডিলা কেইনলেট, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, আরচ্যারী ফেডারেশনের সহ-সভাপতি মনজুর আলম, সহ-সভাপতি মাহিন মুকতাদির রহমান, সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সৈয়দ তানভীর রায়হান, কোষাধ্যক্ষ মো. সাইদুজ্জামান তুহিন, যুগ্ম সম্পাদক মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক মো. রুবেল হোসেন।