ইতি তোমার আদুরি

শরীফুল আলম, নিউইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১১:৫০ এএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৫:২৯ এএম
Main News Image

বুকের মইদ্দে আঁৎকা জিওল মাছের লাহান ঘাই দিয়া উঠে 
তুমি ক্যান অমন কইরা ফ্যাল ফ্যাল কইরা 
আমার দিকে চাইয়া থাহ? 

জান, আমারে দেখলে ব্যাডা মাইন্স্যের লুঙ্গি 
হাঁটুর উপরে উইঠা যায়,  
রাস্তা দিয়া হাইট্টা গেলে 
জোয়ান জোয়ান পোলারা শিষ বাজায় । 

জান, কতদিন আমি ধোঁয়া ওঠা গরম ভাত 
জিওল মাছের সালুন দিয়া খাইনা,  
উপাস থাকতে থাকতে প্যাডে অহন বিস করে 
মাঝে মইধ্যে বমিও আহে, মাথা ঘুরায় 
চোখ আন্ধার হইয়া আহে ,   
জানি নানা কিসিমের বেমার দেহা দিসে । 

আইজ ডেগে বাসি ভাতও নাই যে খামু 
গতর ঢাকনের কাপড়ডাও ছিড়া তেনা তেনা হৈয়া গেছে 
তারপরেও আমার দিকে ড্যাব ড্যাব কইরা কি চাও তুমি নাগর ? 
তুমি জোয়ান জাওয়ান ব্যাডা 
বিয়া করলে ফুটফুইট্টা বিবিও একখান পাইবা 
তার দিকে নেক দৃষ্টিতে চাইলে তোমার সোয়াবও হৈব । 

জান, কেন জানি তোমার কথা ভাবলেই 
থরথর কৈরা আমার কাঁপন ছুটে 
বুকের ভিত্তে কেমুন জানি ঢিপঢিপ আওয়াজ পাই 
তোমার কথা ভাবলেই চোখ মুইন্দা গহীন আসমানে 
লাজ শরম ছাড়া উড়তে থাহি  
তারপরেই আবার ভাবি 
মিছা স্বপন দেইখ্যা লাভ কি ? 

ত্যাল, নুন , আলতা , পালিস আমার যা যা নাই 
তা আমরাই থাক 
কেরাছিনের কুপিতেই আমার চলব 
চালের ফুটা দিয়া দরকার হৈলে পূর্ণিমার চান্দ দেহুম  
সকালে ঘুম ভাইঙ্গা অনন্ত দেখমু 
পাখি গুলা কিচির মিচির ডাক পারতাছে 
নাঙল, জোয়াল লইয়া কৃষকেরা মাঠে রওনা দিছে 

আর কি চাই !
এইডাই আমার সুখ
এইডাই আমার শান্তি 
তুমি ভালা থাইক্ক জান 
ইতি তোমার আদুরি ।