টক্সিক-এ উদ্দাম অভিনয়, বিতর্কের ঝড়!

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৬:০২ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৬:৫৮ পিএম
Main News Image

'টক্সিক' ছবির ঝলক এবং 'তবাহী' গানটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটপাড়ায় নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গানের দৃশ্যে দক্ষিণী তারকা যশ এবং বলি-অভিনেত্রী কিয়ারা আডবাণীর বাঁধনছাড়া ঘনিষ্ঠতা ও অনস্ক্রিন রসায়ন নজর কাড়লেও, একাংশের নেটিজেনদের তোপের মুখে পড়েছেন কিয়ারা। মাত্রাতিরিক্ত সাহসী দৃশ্যে অভিনয় করার অভিযোগে কুরুচিকর কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে।

বিতর্ক ও দ্বৈত মানসিকতার অভিযোগ

'তবাহী' গানটি মুক্তির পর থেকেই কিয়ারাকে নিশানা করে ট্রোলিং শুরু হয়। একজন বিবাহিত নারী হয়ে কেন তিনি এমন সাহসী দৃশ্যে অভিনয় করলেন— তা নিয়ে প্রশ্ন তোলেন অনেকে। শুধু তা-ই নয়, ট্রোলিংয়ের আঁচ গিয়ে পড়েছে কিয়ারার স্বামী, অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর ওপরও। তবে আশ্চর্যের বিষয় হলো, একই দৃশ্যে অভিনয় করা অভিনেতা যশও বিবাহিত এবং এক সন্তানের বাবা হলেও, তাঁকে নিয়ে সমাজমাধ্যমে তেমন কোনো সমালোচনা হয়নি।

ট্রোলদের কড়া জবাব হুমা কুরৈশীর

এই চরম বৈষম্য ও নারীবিদ্বেষী মানসিকতার বিরুদ্ধে সরব হয়েছেন ছবির অন্যতম অভিনেত্রী হুমা কুরৈশী। সহ-অভিনেত্রী কিয়ারা ও যশের পাশে দাঁড়িয়ে তিনি এই ধরণের মানসিকতাকে ‘অসুস্থ’ ও ‘নোংরা’ বলে তোপ দাগেন।

হুমা স্পষ্ট জানান, ইন্টারনেটের ট্রোলদের সঙ্গে তর্ক করে বা কথা বলে তাদের মানসিকতা বদলানো সম্ভব নয়। এই সব কটাক্ষের জবাব দেওয়ার কোনো অর্থ হয় না, বরং ছবি মুক্তি পাওয়ার পর এর সাফল্যই সব সমালোচনার যোগ্য জবাব দেবে।

উল্লেখ্য, গীতু মোহনদাসের পরিচালনায় ‘টক্সিক’ ছবিতে যশ, কিয়ারা ও হুমা কুরৈশী ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া এবং রুকমিণী বসন্ত।