পাকিস্তানের কাছে হেরে কাভা কাপে রৌপ্যপদক জিতলো বাংলাদেশ

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৫:৪৫ পিএম
আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৮ পিএম
Main News Image

পাকিস্তান ভলিবল ফেডারেশনের আয়োজনে এবং সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন কাভার তত্ত্বাবধানে ২২-২৯ জুলাই ২০২৬ পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত কাভা পুরুষ আন্তর্জাতিক ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ১৯ সদস্যবিশিষ্ট বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল। প্রতিযোগিতায় বাংলাদেশসহ মোট ছয়টি দেশ অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দেশগুলো হলো- স্বাগতিক পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ।

প্রতিযোগিতার অফিসিয়াল সূচি অনুযায়ী গতকাল বুধবার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে বাংলাদেশ জাতীয় পুরুষ ভলিবল দল স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হয়। শিরোপা নির্ধারণী এই ম্যাচে বাংলাদেশ শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে ০-৩ সেটে পরাজিত হয়।

এই জয়ের মাধ্যমে স্বাগতিক পাকিস্তান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করে। বাংলাদেশ রানার-আপ হয়ে রৌপ্যপদক অর্জন করেছে। একই দিনে অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কা ৩-২ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে ব্রোঞ্জপদক অর্জন করে।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ভলিবল দল রাউন্ড রবিন লীগ পর্বে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনালে উজবেকিস্তানকে ৩-০ সেটে পরাজিত করে ফাইনালে জায়গা নিশ্চিত করে। পুরো টুর্নামেন্টে বাংলাদেশ পাঁচটি জয় নিয়ে রানার-আপ হয়ে রৌপ্যপদক অর্জন করে।

বাংলাদেশ ভলিবল ফেডারেশন জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং টিম কর্মকর্তাদের এই কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছে। একই সঙ্গে দেশের ভলিবলপ্রেমী দর্শক, ক্রীড়াঙ্গনের সংশ্লিষ্ট সকল ব্যক্তি, গণমাধ্যম এবং জাতীয় দলের প্রতি সমর্থন ও উৎসাহ প্রদানকারী সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।