ঢাকার মাঠ
উদিত তরুণ ক্লাবের পাশে এমপি হামিদ, সংস্কারের পর প্রাণ ফিরে পেল মাঠ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজধানীর লালবাগের জনপ্রিয় ক্রীড়া সংগঠন উদিত তরুণ ক্লাবের মাঠটি অবশেষে পরিষ্কার ও সংস্কার করা হয়েছে। ঢাকা-৭ আসনের সংসদ সদস্য আলহাজ হামিদুর রহমান হামিদ-এর ব্যক্তিগত অর্থায়নে রহমতউল্লাহ বালিকা শাখা সংলগ্ন মাঠটি আবারও খেলাধুলার উপযোগী করে তোলা হয়েছে।
এর ফলে দীর্ঘদিন ধরে খেলাধুলা থেকে বঞ্চিত থাকা এলাকার শিশু-কিশোররা আবারও উন্মুক্ত পরিবেশে অনুশীলন ও খেলাধুলার সুযোগ পাবে। স্থানীয়দের মতে, এই উদ্যোগে আজিমপুর এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
ক্লাব সূত্রে জানা গেছে, টানা তিন দিন ধরে প্রায় ৪০ জন শ্রমিকের নিরলস পরিশ্রমে মাঠটি পরিষ্কার ও সংস্কার করা হয়। দীর্ঘদিন ধরে স্কুল ভবনের নির্মাণসামগ্রী ও বিভিন্ন ধরনের বর্জ্য পড়ে থাকায় মাঠটি খেলাধুলার সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল।
মাঠ পুনরুদ্ধারে উদিত তরুণ ক্লাবের সদস্যদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিশেষ করে ক্লাবের সভাপতি সানোয়ার ইসলাম সনি, সাধারণ সম্পাদক এইচ.আর. রাসেল এবং কার্যনির্বাহী সদস্য আকাশ মাহমুদের নেতৃত্ব ও সমন্বয়ে পুরো কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। এ ছাড়া ক্লাবের অন্যান্য সদস্যরাও সময়, শ্রম ও সহযোগিতার মাধ্যমে উদ্যোগটি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
এদিকে সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ তাঁর ফেসবুক পোস্টে বলেন, বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে উদিত তরুণ ক্লাব মাঠ আবারও ফিরে পেয়েছে তার প্রাণচাঞ্চল্য। তাঁর নিজস্ব অর্থায়নে মাঠটি সম্পূর্ণ পরিষ্কার ও খেলাধুলার উপযোগী করে সংস্কার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই মাঠে নিয়মিত খেলাধুলা ও বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে এলাকার নতুন প্রজন্ম সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, একটি মাঠ শুধু খেলাধুলার স্থান নয়; এটি নতুন প্রজন্মের স্বপ্ন, শৈশবের আনন্দ, বন্ধুত্বের বন্ধন এবং একটি সুস্থ সমাজ গঠনের অন্যতম ভিত্তি।
উদিত তরুণ ক্লাবের সেক্রেটারি জেনারেল এইচ.আর. রাসেল বলেন, “মাননীয় এমপি হামিদ ভাইয়ের এই অবদান আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাঠটি খেলাধুলার উপযোগী হওয়ায় ক্লাবের সদস্যদের পাশাপাশি এলাকার সব বয়সী ছেলে-মেয়েরা উপকৃত হবে। এখন নিয়মিত অনুশীলন, টুর্নামেন্ট ও বিভিন্ন ক্রীড়া কার্যক্রম আয়োজন করা সম্ভব হবে। এতে তরুণদের মাঠমুখী হওয়ার সুযোগ আরও বাড়বে।”
তিনি বলেন, “লালবাগ এলাকায় ভালো মানের খেলোয়াড় গড়ে ওঠার অন্যতম বাধা ছিল পর্যাপ্ত মাঠ ও দক্ষ প্রশিক্ষকের অভাব। এ বিষয়ে আমরা এমপি হামিদ ভাইয়ের সঙ্গে আলোচনা করেছি। তিনি আশ্বাস দিয়েছেন, লালবাগ থেকে বিশ্বমানের খেলোয়াড় তৈরিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা প্রদান করবেন।”
রাসেল আরও জানান, উদিত তরুণ ক্লাব শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ নয়; বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। ভবিষ্যতে ক্লাবটি ফুটবল, ক্রিকেট, দাবা, হকি, ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলায় পেশাদার পর্যায়ে দল গঠন করে জাতীয় লিগে অংশগ্রহণের পরিকল্পনা নিয়েছে।