গুলশানে গেমিং-উৎসব
নিনজাদের ছায়ায় পাবজি মোবাইলের কার্নিভাল
গুলশানের আলোকি কনভেনশন সেন্টারের সামনে তখন লম্বা লাইন। ভেতরে ঢুকতেই চোখে পড়ে অ্যানিমে চরিত্রের পোশাকে ঘুরে বেড়ানো তরুণ-তরুণীর দল, কোথাও ফটোবুথে ছবি তোলার হুড়োহুড়ি, কোথাও গেমিং জোনে একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার উত্তেজনা। দুই দিনের এই আয়োজনের নাম ‘পাবজি মোবাইল নিনজা কার্নিভাল’। আর এই একটা নামেই স্পষ্ট, এবার শুধু গেমিং নয়, সঙ্গে যোগ হয়েছে অ্যানিমে-প্রেমীদের আরেকটা জগৎ।
আয়োজনটা আসলে পাবজি মোবাইল আর জনপ্রিয় অ্যানিমে সিরিজ ‘নারুতো শিপুডেন’-এর যৌথ উদ্যোগ। দুই ভিন্ন ফ্যানবেস, দুই ভিন্ন সংস্কৃতি—তবু একই ছাদের নিচে জড়ো হলো দেশের নানা প্রান্তের হাজার হাজার গেমার, স্ট্রিমার আর কনটেন্ট ক্রিয়েটর।
কসপ্লে, ফায়ার ড্যান্স আর জমজমাট প্রতিযোগিতা
ভেন্যুর প্রতিটা কোণে যেন আলাদা গল্প। ইন্টারঅ্যাকটিভ গেমিং জোনে চলছিল টানটান লড়াই। পাশেই নারুতো-অনুপ্রাণিত কসপ্লে প্রদর্শনী—চরিত্রদের পোশাকে সেজে আসা তরুণ-তরুণীরাই যেন হয়ে উঠলেন মূল আকর্ষণ। গ্রিনহাউজ জোন, ফায়ার ড্যান্স, লাইভ স্ট্রিমারদের প্রতিযোগিতা—সব মিলিয়ে পুরো প্রাঙ্গণ একটানা উৎসবের মেজাজে।
তারকাদের ভিড়, তারপর সুরের ঝড়
প্রথম দিনটা রাঙিয়ে দিলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ, কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোটভাই আর ইনফ্লুয়েন্সার শামীমা অমি। ভক্তদের সঙ্গে ছবি, খুনসুটি, কুশল বিনিময়—দিনভর জমজমাট ছিল প্রাঙ্গণ।
দ্বিতীয় দিন অপেক্ষা করছিল অন্য চমক। নৃত্যদল ‘রেনেসাস’-এর পরিবেশনার পর মঞ্চে ওঠে ‘শিরোনামহীন’। ব্যান্ডটির পুরোনো জনপ্রিয় গানগুলো বাজতেই দর্শকসারিতে যেন ঢেউ ওঠে—হাজার কণ্ঠ মিলে যায় একসুরে।
কার্নিভালে বিশেষ বার্তা
বাংলাদেশে গেমিং যে আর শুধু অবসরের বিনোদন নয়, বরং ই-স্পোর্টস, কনটেন্ট নির্মাণ আর শক্তিশালী কমিউনিটির এক বড় প্ল্যাটফর্ম—এই দুই দিনের আয়োজন সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। আয়োজকদের ভাষ্য, স্থানীয় গেমারদের হাতে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা তুলে দেওয়াই ছিল মূল লক্ষ্য।
পর্দা নেমেছে ঠিকই, কিন্তু অংশগ্রহণকারীদের চোখেমুখে লেগে থাকা উচ্ছ্বাস বলছে অন্য কথা—বাংলাদেশে গেমিং এখন নতুন প্রজন্মের নতুন আবেগের নাম।