গৃহপালিত গাছের যত্ন নিবেন যেভাবে!
ঘরের সৌন্দর্য বাড়াতে ও বাতাস শুদ্ধ রাখতে আমরা অনেকেই ঘরে রকমারি ইনডোর প্ল্যান্ট বা গৃহপালিত গাছ রাখি। ঘর নিয়মিত ঝাঁট দেওয়া, ধুলো ঝাড়া ও আসবাবপত্র মোছার পাশাপাশি গাছের প্রতিও নজর দেওয়া জরুরি। অনেকেই মনে করেন শুধু নিয়ম করে পানি দিলে গাছের যত্ন শেষ, কিন্তু এটি ভুল ধারণা। আসবাবের মতো চারপাশের ধুলোবালি জমে ইনডোর প্ল্যান্টের পাতাও ময়লা হয়। তাই গাছের সঠিক বৃদ্ধি ও সতেজতার জন্য নিয়মিত পাতা মোছা ও অন্যান্য পরিচর্যা করা প্রয়োজন।
কেন গাছের পাতা পরিষ্কার করা জরুরি? : গাছে মানুষের মতো শ্বাসযন্ত্র না থাকলেও পাতার গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে, যাকে বিজ্ঞান ভাষায় 'স্টোমাটা' বা পত্ররন্ধ্র বলা হয়। ধুলোর আস্তরণ জমে এই রন্ধ্রগুলো বন্ধ হয়ে গেলে গাছের শ্বসনপ্রক্রিয়া ব্যাহত হয়। পাতার ওপর ধুলো থাকলে সূর্যের আলো বা ঘরের আলো ঠিকমতো পাতায় পৌঁছায় না। ফলে গাছ সঠিকভাবে সালোকসংশ্লেষ করতে পারে না এবং পর্যাপ্ত পুষ্টি না পেয়ে ধীরে ধীরে দুর্বল ও নিস্তেজ হয়ে পড়ে। পরিষ্কার পাতা গাছকে দেখতে অনেক বেশি সবুজ, সতেজ ও আকর্ষণীয় করে তোলে।
গাছের পাতা কত দিন অন্তর মুছবেন, তা নির্ভর করে আপনার ঘরের পরিবেশের ওপর। গাছটি যদি বারান্দার কাছে, জানালার পাশে কিংবা বাথরুমে থাকে, তবে ধুলো ও পানির ছিটকে আসার কারণে এগুলো দ্রুত ময়লা হয়। এসব ক্ষেত্রে নিয়মিত পাতা মোছা উচিত। শীতকালে বা ঘরে রুম হিটার চললে বাতাসে ধুলোবালি বেশি উড়ে। তখন প্রায় প্রতিদিনই পাতা পর্যবেক্ষণ করে পরিষ্কার করা ভালো। প্রতিদিন গাছে পানি দেওয়ার সময় একবার দেখে নিন পাতায় ধুলোর আস্তরণ জমেছে কি না। ধুলো নজরে এলেই তা পরিষ্কার করে ফেলুন।
পাতা পরিষ্কারের সহজ ও কার্যকরী উপায় : শুকনো বা হালকা ভেজা নরম সুতি কাপড়, স্পঞ্জ অথবা ডাস্টিং প্যাড দিয়ে আলতো করে পাতা মুছে নিতে পারেন। স্প্রে বোতলে পানি নিয়ে পাতায় হালকা ছিটিয়ে নিন, তারপর নরম শুকনো কাপড় দিয়ে চেপে ধুলো মুছে ফেলুন। গাছ যদি আকারে ছোট হয়, তবে সপ্তাহে একদিন তাকে বাথরুমের শাওয়ারের নিচে রেখে ধুইয়ে দিতে পারেন। এতে পানি দেওয়াও হবে এবং জমা ময়লা অনায়াসে ধুয়ে যাবে।
পাতা মোছার সময় সবসময় এক হাত দিয়ে পাতার নিচের অংশে সাপোর্ট বা সমর্থন দিন এবং অন্য হাত দিয়ে ওপরের দিকটি আলতোভাবে মুছুন। এতে পাতা ছিঁড়ে বা ভেঙে যাওয়া রোধ হবে। পাতার ওপর বেশি জোরে ঘষাঘষি করা যাবে না, এতে পাতার টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে।
একটি সুন্দর ও সবুজ ইনডোর প্ল্যান্টের রহস্য শুধু সার বা পানির ওপর নির্ভর করে না; একটুখানি বাড়তি মনোযোগ ও পরিচ্ছন্নতাই আপনার সাধের গাছটিকে দীর্ঘদিন সতেজ ও প্রাণবন্ত রাখতে পারে।