বাংলাদেশ-জাপান পিপিপি প্ল্যাটফর্ম: নতুন উদ্যোগ গ্রহণে যৌথ সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৪:০৬ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ১০:৩২ এএম
Main News Image

আঞ্চলিক যোগাযোগ জোরদার ও টেকসই বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে চলমান অগ্রাধিকারমূলক অবকাঠামো প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়ন ও বেশ কিছু নতুন মেগা প্রকল্প পিপিপি (পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ) কাঠামোর অধীনে নেওয়ার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।

রাজধানীর একটি হোটেলে বুধবার আয়োজিত 'বাংলাদেশ-জাপান যৌথ পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্ল্যাটফর্ম'-এর ৮ম সভায় উভয় দেশ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। এছাড়া বাংলাদেশ পক্ষে পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ড. মো. শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন, জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি, জাপানের সহকারী ভাইস মিনিস্টার,ফুজিতা মাসাকুনি প্রমুখ।

চলমান মেগা প্রকল্পের অগ্রগতি ও সিদ্ধান্ত : সভায় চলমান বেশ কয়েকটি কৌশলগত অবকাঠামোগত প্রকল্পের হালনাগাদ অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং বাস্তবায়নের গতি বাড়াতে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়, কমলাপুর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব করা হবে। প্রকল্পের সংশোধিত মাস্টারপ্ল্যান দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (টার্মিনাল-৩) এর অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স (O&M)-এর অবশিষ্ট চুক্তি প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা এবং পিপিপি প্ল্যাটফর্মের অধীনে এটি নিয়মিত পর্যালোচনার ব্যবস্থা গ্রহণ।

ঢাকা আউটার রিং রোড এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের স্থানীয় সেতু উন্নয়ন প্রকল্পের গতিপ্রকৃতি পর্যালোচনা।

পিপিপি কর্তৃপক্ষের সিইও আশিক চৌধুরী বলেন, "বাংলাদেশ-জাপান পিপিপি অংশীদারত্ব একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যা দেশে মানসম্মত বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখছে।"

সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সফলভাবে বাস্তবায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।