ঢাকায় পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় হকি দলের নতুন প্রধান কোচ পিটার গেরহার্ড

হেরাল্ড প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১০:০৩ এএম
আপডেট: ০১ আগস্ট ২০২৬, ১১:৪৮ পিএম
Main News Image

বাংলাদেশ জাতীয় হকি দলের নবনিযুক্ত প্রধান কোচ পিটার গেরহার্ড আজ মধ্যরাতে ঢাকায় এসে পৌঁছেছেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

বাংলাদেশ হকির মান উন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দলের সাম্প্রতিক পারফরম্যান্স আরও শক্তিশালী করার লক্ষ্যে এই অভিজ্ঞ জার্মান কোচকে দায়িত্ব দেয়া হয়। এশিয়ান গেমসের ক্যাম্পে থাকা খেলোয়াড়দের নিয়ে খুব দ্রুত কাজ শুরু করবেন পিটার। ঢাকায় পৌঁছে পিটার গেরহার্ড তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় বলেন, "আমার মতে, গত টুর্নামেন্টগুলোতে হকি দল যে ফলাফল পেয়েছে, তার চেয়ে তারা অনেক বেশি ভালো দল। আমাদের এই পরিস্থিতিকে আরও উন্নত করতে হবে এবং আমরা সেটা নিয়েই কাজ করব।" আগামী দিনের চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদী সুফলের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, "আগামী সপ্তাহগুলোতে খেলোয়াড়দের অনেক কঠিন সময় পার করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে; তবে শেষে তারা এর মিষ্টি ফল ভোগ করতে পারবে।"

বাংলাদেশ হকির সঙ্গে নিজের দীর্ঘ সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে এবং হকি ফেডারেশনের কর্মকর্তাদের প্রতি শুভকামনা জানিয়ে এই জার্মান কোচ বলেন, "আমি প্রিন্সকে (আরিফুল হক প্রিন্স) অনেক লম্বা সময় ধরে চিনি, আর ইশতিয়াক (নতুন সাধারণ সম্পাদক) হলো সাদেকের ছেলে। আমি আশা করি এই দুজন খুব ভালো মানুষ এবং দলের জন্য ইতিবাচক ভূমিকা রাখবেন।"

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন মেয়াদে বাংলাদেশ হকির কোচের দায়িত্ব পালন করেছেন জার্মান এই অভিজ্ঞ কোচ।