চামড়া জুতো ভিজেছে, কী করবেন?
এই বৃষ্টি তো, এই রোদ। বর্ষাকালের চিরচেনা চেহারার ছাপ এখন প্রকৃতিতে। তাই ঝটপট জেনে নিতে পারেন এই সময়ে চামড়ার জুতো ভিজে গেলে কী করবেন?
প্রথম কথা হচ্ছে পারতপক্ষে চামড়ার জুতো পরে বাইরে বের না হওয়ায় ভালো। কিন্তু বললেই তো হলো না, অনেক সময়ই আপনি বের হবেন চামড়ার জুতো পরে। আর বৃষ্টিও হবে, ভিজবেন নিজে। ভিজবে জুতোও। তাই ভিজে যাওয়া চামড়ার জুতো নষ্ট হওয়ার হাত থেকে বাঁচাতে ও স্বাভাবিক উজ্জ্বলতা ধরে রাখতে নিচের কাজগুলো করতে পারেন:
প্রথম কাজ : জুতো ভিজলেই নরম ও পরিষ্কার কাপড় দিয়ে আলতো করে মুছে ফেলুন।
আর্দ্রতা শোষণ: জুতোর ভেতরের পানি শুষে নিতে ও জুতোকে স্বাভাবিক রাখতে ভেতরে শুকনো খবরের কাগজ গুঁজে রাখুন। প্রয়োজনে যতটা সম্ভব কাগজ গুঁজেন।
শুকানোর উপায়: জুতো ঘরের স্বাভাবিক ও খোলামেলা বাতাসে রাখুন, তাহলে দ্রুত শুকিয়ে যাবে। ভুলেও সরাসরি কড়া রোদ, হেয়ার ড্রায়ার বা হিটারের কাছে রাখবেন না, এতে জুতো শক্ত হয়ে ফেটে যেতে পারে। নষ্টও হতে পারে।
সুরক্ষা: পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর জুতোর চামড়া ভালো রাখতে ভালো মানের লেদার কন্ডিশনার বা নারিশিং ক্রিম ব্যবহার করুন। দরকার হলে মুচির কাছে গিয়ে ভালো পলিশও করাতে পারেন।
সতর্কতা: বর্ষায় চামড়ার জুতো সুরক্ষিত রাখতে বাইরে যাওয়ার আগে ভালো কোনো ওয়াটারপ্রুফিং স্প্রে বা চামড়া সুরক্ষাকারী মোম ব্যবহার করতে পারেন। তবে শেষ কথা হচ্ছে-আপনার জুতো ভিজলে আপনাকেই তা শুকানো ও ভালো রাখার চেষ্টা করতে হবে। অন্যের ওপর নির্ভর করবেন তো সব শেষ।