প্রাপ্তবয়স্কদের অবসেশন সিনেমায় কেন কাটছাট?

রীতা খান
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৪৯ এএম
Main News Image

মাত্র ১০ লাখ ডলারের (প্রায় ৮.৫ কোটি টাকা) কম বাজেটে তৈরি হলিউডের ভৌতিক ছবি ‘অবসেশন’ এ বছর ভারতে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। পরিচালক কারি বার্কারের এই অতিপ্রাকৃত থ্রিলারটি গল্প ও পরিবেশের জোরে দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা পাচ্ছে। তবে বক্স অফিস সাফল্যের পাশাপাশি ছবিটির সেন্সর বোর্ডের কাটছাঁট নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

গল্পের মূল ভাবনা ছবির মূল চরিত্রে রয়েছে বিয়ার নামের এক যুবক, যে একটি গানের সরঞ্জামের দোকানে কাজ করে। একদিন সে ‘ওয়ান উইশ উইলো’ নামে একটি অলৌকিক বস্তু খুঁজে পায়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এটি ভাঙলে যেকোনো একটি ইচ্ছা পূরণ হয়। নিজের সহকর্মী ও ক্রাশ নিকিকে কাছে পাওয়ার জন্য বিয়ার সেই অলৌকিক বস্তু ব্যবহার করে। ইচ্ছা পূরণ হলেও, তার জীবন এক চরম আতঙ্কের দিকে মোড় নেয়। বিয়ার বুঝতে পারে নিকির ভালোবাসা আসলে এক ভয়ংকর আসক্তিতে রূপ নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে গেলে একের পর এক রক্তাক্ত ও মর্মান্তিক ঘটনা ঘটতে থাকে।

সেন্সর বোর্ড ও বিতর্ক : ভারতে ছবিটি শুধু প্রাপ্তবয়স্কদের (A ক্যাটাগরি) জন্য মুক্তির অনুমতি পেলেও, কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ড (CBFC) এর ৩৮ সেকেন্ডের দৃশ্য কেটে বাদ দেয়। এর মধ্যে ২৪ সেকেন্ডের একটি মারামারির দৃশ্য ও ১৪ সেকেন্ডের একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল। প্রাপ্তবয়স্কদের ছবিতেও কেন এমন কাটছাঁট করা হলো, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের মতে, এই কাটছাটের কারণে নষ্ট হয়েছে ছবির গল্পের ধারাবাহিকতা।

বক্স অফিস সাফল্য : বিতর্ক সত্ত্বেও ‘অবসেশন’ ব্যবসায়িকভাবে দারুণ সফল। ভারতে মুক্তির প্রথম সপ্তাহান্তেই (জুনের শুরুতে) এটি প্রায় ৯ কোটি ৩০ লাখ টাকা আয় করেছে, যা একটি সাম্প্রতিক বলিউড ছবিকেও ছাড়িয়ে গেছে। বিশ্বজুড়ে ছবিটির আয় ইতিমধ্যে ১০ কোটি ডলার পার হওয়ায় এটি চলতি বছরের অন্যতম লাভজনক সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অনন্যা পাণ্ডে ও কার্তিক আরিয়ানের মতো বলিউড তারকারাও ছবিটির ভূয়সী প্রশংসা করেছেন।