বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০২:৪২ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৬:৫৬ পিএম
Main News Image

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রপতির সরকারি বাসভবন ও কার্যালয় বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

 তিনি মঙ্গলবার সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রধান ফটক-২ এ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং গার্ড অব অনার প্রদানের নির্দিষ্ট স্থানে নিয়ে যায়। সেখানে পিজিআর-এর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক ‘গার্ড অব অনার’ প্রদান করে।

গার্ড অব অনার পরিদর্শন শেষে বঙ্গভবনের ‘অক্টাগন’ চত্বরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় তাকে শুভেচ্ছা জানান, মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, সামরিক সচিব (রাষ্ট্রপতির কার্যালয়) খান মো. নূরুল আমিন, সচিব (জনবিভাগ) মো. সরওয়ার আলম, প্রেস সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম, সহকারী সামরিক সচিব।

অভ্যর্থনা পর্ব ও আনুষ্ঠানিকতা শেষে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তার নির্ধারিত কার্যালয়ে আসন গ্রহণ করেন এবং উপস্থিত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরবর্তীতে সামরিক সচিব ও জনবিভাগের সচিব বঙ্গভবনের সামগ্রিক প্রশাসনিক ও দাপ্তরিক বিষয়াবলী সম্পর্কে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে অবহিত করেন।