বার্লিনে সমকামী প্রাইড শোভাযাত্রায় গাড়ি হামলায় হতাহত ১৭
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের বার্ষিক ‘ক্রিস্টোফার স্ট্রিট ডে’ প্রাইড শোভাযাত্রায় এক ভয়াবহ গাড়ি হামলার ঘটনা ঘটেছে। শোভাযাত্রায় অংশ নেওয়া ভিড়ের ওপর একটি দ্রুতগতির গাড়ি তুলে দিলে অন্তত ১ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় রাত ১০টার দিকে বার্লিনের কেন্দ্রীয় টিয়ারগার্টেন পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের মিনিভ্যান বা ছোট এসইউভি হঠাৎ করেই উদযাপনে আসা মানুষের ভিড়ে দ্রুতগতিতে ঢুকে পড়ে। বেশ কয়েকজনকে চাপা দেওয়ার পর চালক গাড়িটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে নিকটস্থ একটি পার্ক থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
শহরজুড়ে চিরুনি অভিযান : হামলার পর পরই পুরো বার্লিন শহরজুড়ে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করতে হেলিকপ্টার এবং থার্মাল-ইমেজিং ক্যামেরা ব্যবহার করা হচ্ছে।
বার্লিন পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ জানান, পুলিশ ইতোমধ্যে এক সন্দেহভাজন হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে। ওই ব্যক্তি শহরের একটি ইসলামপন্থী (ইসলামিস্ট) চক্রের সদস্য হিসেবে পুলিশের কাছে আগে থেকেই পরিচিত। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
উৎসব বাতিল ও আতঙ্ক : ভয়াবহ এই ঘটনার পর প্রাইড শোভাযাত্রার পরবর্তী সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়। ব্র্যান্ডেনবার্গ গেটে স্থাপিত বিশাল পর্দায় "এলাকা খালি করুন" বার্তা প্রদর্শন করে উপস্থিত প্রায় ১০ লাখ মানুষকে শান্ত থেকে এলাকা ত্যাগ করার আহ্বান জানান আয়োজকরা। ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে সাইরেন বাজিয়ে পৌঁছায় জরুরি সেবা দল ও অ্যাম্বুলেন্স।
চ্যান্সেলর ও মেয়রের প্রতিক্রিয়া : এ ঘটনাকে ‘ভয়াবহ এক হামলা’ হিসেবে বর্ণনা করে পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিখ মেৎস। তিনি বিষয়টি নিয়ে ফেডারেল স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সার্বিক যোগাযোগ রাখছেন বলে জানা গেছে। অন্যদিকে বার্লিনের মেয়র কাই ভেগনার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, "এটি আমাদের স্বাধীন ও উদার সমাজের ওপর একটি হামলা। বার্লিন স্বাধীনতার শহর এবং আজ সেই স্বাধীনতার ওপর সবচেয়ে ভয়াবহ উপায়ে আঘাত হানা হয়েছে।"
তিনি নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
ক্রিস্টোফার স্ট্রিট ডে-র পটভূমি : ১৯৬৯ সালে নিউইয়র্কের ক্রিস্টোফার স্ট্রিটে অবস্থিত ‘স্টোনওয়াল ইন’-এ এলজিবিটিকিউ সম্প্রদায়ের ঐতিহাসিক গণ-বিক্ষোভের স্মরণে প্রতি বছর বার্লিনে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি জার্মানির সবচেয়ে বড় প্রাইড আয়োজন, যেখানে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ অংশ নেন।