বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান বেবিচকের
ডিসেম্বরেই শুরু থার্ড টার্মিনালের বাণিজ্যিক কার্যক্রম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় (থার্ড) টার্মিনাল প্রকল্প নিয়ে সম্প্রতি প্রকাশিত কিছু সংবাদকে ‘অসম্পূর্ণ ও প্রেক্ষাপটবিহীন’ বলে দাবি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির মতে, এ ধরনের আংশিক তথ্য উপস্থাপন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
বেবিচকের এক বিজ্ঞপ্তিতে রোববার (২৬ জুলাই) এই অবস্থান স্পষ্ট করার পাশাপাশি জানানো হয়, আগামী ডিসেম্বরের মধ্যে টার্মিনালটির বাণিজ্যিক কার্যক্রম শুরু করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি চলছে।
মূল বিষয়সমূহ ও বেবিচকের স্পষ্টীকরণ : ডিসেম্বরে বাণিজ্যিক যাত্রা: থার্ড টার্মিনালের মূল নির্মাণকাজ প্রায় দুই বছর আগে শেষ হলেও আন্তর্জাতিক মানের অপারেশনাল প্রস্তুতি, কারিগরি পরীক্ষা-নিরীক্ষা এবং সংশ্লিষ্ট অংশীজনদের (Stakeholders) সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ের জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন ছিল। বর্তমানে এসব কাজ শেষ পর্যায়ে এবং আগামী ডিসেম্বরের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম চালু করা সম্ভব হবে।
সংবাদের আংশিক তথ্যে উদ্বেগ: সম্প্রতি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রকল্পের মোট ব্যয়, ভেরিয়েশন কার্যক্রম, চুক্তি বাস্তবায়ন ও আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বেবিচক জানায়, কিছু প্রতিবেদনে বাস্তব অবস্থা, অনুমোদিত নথি ও চুক্তির শর্তগুলো এড়িয়ে আংশিক তথ্য তুলে ধরা হয়েছে।
রাষ্ট্রীয় ক্ষতির আশঙ্কা: বেবিচক সতর্ক করে দিয়েছে যে, মেগা প্রকল্প সম্পর্কে ভুল বা বিভ্রান্তিকর তথ্য প্রচার হলে আন্তর্জাতিক অংশীদারদের আস্থা ক্ষুণ্ন হতে পারে। এর ফলে নির্ধারিত সময়সূচি বিঘ্নিত হওয়াসহ রাষ্ট্রীয় রাজস্ব আহরণ ও দেশের এভিয়েশন খাতের অগ্রগতিতে নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান : বিজ্ঞপ্তিতে বেবিচক উল্লেখ করে, বস্তুনিষ্ঠ ও তথ্যভিত্তিক সাংবাদিকতাই জনস্বার্থ রক্ষার মূল ভিত্তি। তাই যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে সংশ্লিষ্ট নথি ও তথ্য সঠিকভাবে যাচাই করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। একই সাথে বিমানবন্দরকেন্দ্রিক যেকোনো ধরনের গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে সর্বস্তরের সচেতন সহযোগিতা কামনা করেছে সংস্থাটি।