আরও সবুজ করে গড়ে তুলতে হবে দেশটাকে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য দেন। ছবি : পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তুলতে দেশের প্রতিটি শিশুকে প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন।
রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার সকালে এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রী দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সারাদেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা হিসেবে প্রধানমন্ত্রী নিজে একটি নিমগাছের চারা রোপণ করেন। এই বিশেষ উদ্যোগের অংশ হিসেবে আজ দেশজুড়ে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ করা হচ্ছে।
উপস্থিত শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, স্কুল প্রাঙ্গণে কিংবা বাসার আশপাশে—যেখানেই সুযোগ সুবিধা পাওয়া যাবে, সেখানেই যেন তারা প্রতি বছর একটি করে গাছ রোপণ করে। গাছ লাগানোর পাশাপাশি তিনি শিশুদের প্রযুক্তির ইতিবাচক ব্যবহারেরও পরামর্শ দেন। তিনি বলেন, রিসার্চ ও শিক্ষা: ইন্টারনেট ঘেঁটে শিশুরা যেন জানার চেষ্টা করে যে তাদের লাগানো গাছটি কী পরিমাণ অক্সিজেন উৎপাদন করে এবং তা মানুষের কী কী উপকারে আসে।
এর মাধ্যমে প্রতি বছর শিশুরা নতুন কোনো গাছ সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে। এছাড়া স্কুলে লাগানো গাছ বড় হয়ে শিক্ষার্থীদের ছায়া ও বিশ্রামের জায়গা দেবে।
একইভাবে বাসায় গাছ লাগালে তা বড় হয়ে সুন্দর ও ঠান্ডা বাতাস দেবে, যা ঘরের পরিবেশকে মনোরম রাখবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজ একটি স্মরণীয় দিন। আজ আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেকগুলো গাছ রোপণ করলাম।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন চমৎকার ও সৃজনশীল প্রকল্প ঘুরে ঘুরে দেখেন এবং তাদের উৎসাহিত করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।