তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

বাসস
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:২৭ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ০৩:০৮ এএম
Main News Image

প্রতিবন্ধী ব্যক্তিদের আত্মনির্ভরশীল করে তোলা ও সমাজের মূলধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ সচিবালয়ে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তিনি এই তিনজনের হাতে সরাসরি নিয়োগপত্র হস্তান্তর করেন। এর মধ্য দিয়েই তিনি সচিবালয়ে তাঁর দিনের কর্মদিবস শুরু করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিয়োগপ্রাপ্তদের পরিচয় ও দায়িত্ব : নিয়োগ পাওয়া তিন ব্যক্তি হলেন—গাইবান্ধার সাঘাটা উপজেলার আয়শা আক্তার, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নীলা খাতুন ও নড়াইল সদর উপজেলার মো. হাসমত আলী। নীলা খাতুন: জন্ম থেকেই দুই হাত না থাকায় পা দিয়ে লিখে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। তাঁকে রাজধানীর মিরপুরের ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন’-এ শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। আয়শা আক্তার: তিনিও পা দিয়ে লিখে স্নাতকোত্তর সম্পন্ন করেন। দুই হাত না থাকায় প্রধানমন্ত্রীর কাছ থেকে মুখ দিয়ে নিজের নিয়োগপত্র গ্রহণ করেন তিনি। তাঁকে গাইবান্ধার ‘বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ’-এ ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। মো. হাসমত আলী: দৃষ্টিপ্রতিবন্ধী এই ব্যক্তিকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে ‘ইউনিয়ন সমাজকর্মী’ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, সরাসরি দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে নিয়োগপত্র পেয়ে তারা অত্যন্ত আবেগপ্লুত ও উচ্ছ্বসিত হন। তাদের জন্য এই দিনটি কেবল একটি নতুন কর্মজীবনের সূচনা নয়, বরং একটি নতুন স্বপ্নেরও বাস্তবায়ন।

নিয়োগপত্র প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. তরিকুল আলম, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব।