আলিয়ঁস ফ্রঁসেজে শুরু হলো জাকিয়া খান চন্দনার তৃতীয় একক শিল্পপ্রদর্শনী
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় উদ্বোধন হয়েছে পরাবাস্তববাদী শিল্পী জাকিয়া খান চন্দনার তৃতীয় একক প্রদর্শনী ‘রিয়েলিটি অফ দ্য সাবকনশাস মাইন্ড’।
শুক্রবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। তাঁদের উপস্থিতিতে শিল্পপ্রেমী, সংস্কৃতিসেবী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়।
এই প্রদর্শনীতে শিল্পী জাকিয়া খান চন্দনার সাম্প্রতিক সৃষ্টিকর্ম উপস্থাপিত হয়েছে, যা দর্শকদের নিয়ে যাবে এক স্বপ্নময় ও রহস্যঘেরা জগতে, যেখানে চেতনা ও অবচেতনের মিলনে নির্মিত হয়েছে এক অনন্য দৃশ্যভাষা। প্রকৃতি, মানব অবয়ব, খণ্ডিত ভূদৃশ্য এবং প্রতীকী উপাদানের সমন্বয়ে তাঁর চিত্রকর্ম গভীর দার্শনিক ভাবনার জন্ম দেয়।
জাকিয়া খান চন্দনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৮ সালে তিনি বার্জার ইয়াং আর্টিস্ট অ্যাওয়ার্ড লাভ করেন এবং ২০০০ সালে পরীক্ষামূলক শিল্পকর্মের জন্য বিভাগীয় পুরস্কার অর্জন করেন। ২০০২ সালে জয়নুল গ্যালারিতে তাঁর প্রথম একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই বছরে তিনি জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত Southwest Asian Youth Invitation Program-এ নির্বাচিত হন, যা তাঁকে আন্তর্জাতিক শিল্প অঙ্গনে অংশগ্রহণের সুযোগ করে দেয়। এছাড়াও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন প্রদর্শনী, এশীয় শিল্পপ্রদর্শনী, কর্মশালা এবং শিল্প-আয়োজনে অংশগ্রহণ করেছেন।
অ্যাক্রিলিক মাধ্যমে ক্যানভাসে সৃষ্ট তাঁর কাজগুলোতে বাদামি, ওকার, কমলা, অফ-হোয়াইট, কালো ও নীলের সংযত ব্যবহার এক বিশেষ আবহ তৈরি করেছে। বাস্তবের উপাদানকে অবাস্তবের আবেশে রূপান্তরের মাধ্যমে শিল্পী দর্শককে নিয়ে যান এক নান্দনিক ও চিন্তাশীল অভিজ্ঞতার দিকে।শিল্পসমালোচক জাহিদ মোস্তফা তাঁর মূল্যায়নে উল্লেখ করেছেন, জাকিয়া খান চন্দনার শিল্পকর্ম পরাবাস্তব কল্পনার মাধ্যমে প্রকৃতি, অস্তিত্ব এবং রূপান্তরের এক স্বতন্ত্র ব্যাখ্যা উপস্থাপন করে। দীর্ঘ বিরতির পর তাঁর এই প্রত্যাবর্তন বাংলাদেশের সমকালীন শিল্পচর্চায় একটি তাৎপর্যপূর্ণ সংযোজন।
নিজের শিল্পভাবনা সম্পর্কে জাকিয়া খান চন্দনা বলেন—
"প্রকৃতিকে উপজীব্য করে আমার চিত্রকর্মে টিকে থাকা ও রূপান্তরের বিষয়গুলো ফুটে ওঠে। আমার আঁকা বিভিন্ন আকৃতি ও খণ্ডিত ভূদৃশ্য সৃষ্টি ও ধ্বংসের মধ্যকার টানাপড়েনকে তুলে ধরার চেষ্টা করে। আমার শিল্পকর্মগুলো আমাদের পৃথিবীর নিরন্তর বিবর্তনের এক দৃশ্যমান রূপক হিসেবে কাজ করে এবং পরিবর্তন নিয়ে চিন্তাভাবনা করতে উদ্বুদ্ধ করে। পরাবাস্তববাদী শিল্পের বৈশিষ্ট্যমণ্ডিত টেক্সচার ও তুলির আঁচড়ের মধ্য দিয়ে আমি দর্শকদের জীবন ও নবায়নের চক্র নিয়ে ভাবনার আহ্বান জানাই।"
সপ্রদর্শনীর তথ্য
উদ্বোধন: শুক্রবার, ৩ জুলাই ২০২৬ | সন্ধ্যা ৬টা
প্রদর্শনীর সময়কাল: ৩ জুলাই – ৮ জুলাই ২০২৬
পরিদর্শনের সময়: প্রতিদিন বিকেল ৩টা – রাত ৯টা
স্থান: লা গ্যালারি, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা
২৬, মিরপুর রোড, ধানমন্ডি, ঢাকা।