সৃজিতের থ্রিলারে ইধিকা : 'কুইন ভিক্টোরিয়া' ঘিরে নতুন চমক

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:১৮ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ১১:৩১ এএম
Main News Image

ইধিকা পাল। ছবি: সংগৃহীত

রাজর্ষি দাশভৌমিকের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র এবার বড় পর্দায় নতুন রূপ নিয়ে হাজির হতে চলেছে। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় তৈরি হচ্ছে নতুন ছবি 'কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ'। সম্প্রতি ভারতলক্ষ্মী স্টুডিয়োতে জমকালো শুভ মহরতের মধ্য দিয়ে এই বহুচর্চিত ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

ছবিটির অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

ছবির মূল আকর্ষণ : এই ছবিতে ইধিকাকে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে, যার প্রয়োজনে তাকে ক্রিকেট শিখতে হয়েছে। পর্দায় সেই দক্ষতার রহস্য এখনই প্রকাশ করতে না চাইলেও অভিনেত্রী জানান, তার প্রিয় ক্রিকেটার এমএস ধোনি।

এটি শুধু সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ইধিকার প্রথম কাজই নয়, বরং তার ক্যারিয়ারের প্রথম পিরিয়ডিক্যাল সাসপেন্স-থ্রিলার। সৃজিতের নির্দেশনায় কাজ করা নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা চাপ ও নার্ভাসনেসের কথা স্বীকার করে ইধিকা জানান, "সৃজিতদাই আমার কোচ।"

পর্দায় রহস্যের উন্মোচন করার পাশাপাশি বাস্তব জীবনেও ইধিকার মধ্যে গোয়েন্দাসুলভ কৌতূহল বেশ প্রবল। পাশাপাশি কথা গোপন রাখার ক্ষেত্রেও তিনি নিজেকে অত্যন্ত আত্মবিশ্বাসী বলে দাবি করেছেন।

তারকাখচিত কাস্টিং : রহস্য ও ইতিহাসের আবহ মিলিয়ে তৈরি এই চলচ্চিত্রে ইধিকা পাল ছাড়াও অভিনয় করছেন একাধিক শক্তিশালী শিল্পী- টোটা রায়চৌধুরী, সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়, সুমন্ত মুখোপাধ্যায়, অনুজয় চট্টোপাধ্যায়।

সৃজিত মুখোপাধ্যায়ের দক্ষ পরিচালনায় পিরিয়ডিক্যাল আবহ ও একঝাঁক তারকাকে একসাথে নিয়ে তৈরি হতে চলা এই থ্রিলারকে ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে আগ্রহ ও উদ্দীপনা তুঙ্গে।