ভার
চর্বিযুক্ত খাবার কিংবা চর্বিযুক্ত সম্পর্ক এ দুটোই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। জীবন আপনার; তাকে সুখী রাখার দায়িত্বও আপনার। আপনাকে সুখী রাখার দায়িত্ব, যে-ই যা-ই বলুক, অন্য কেউ কোনো দিন নেবে না। সুতরাং সম্পর্কে অবশ্যই ভারসাম্য রাখতে হবে। অর্থাৎ, আমি তোমাকে যতটা দিচ্ছি, তুমি আমাকে ঠিক ততটাই ফিরিয়ে দিচ্ছ কি না, সেটা নিশ্চিত করতে হবে।
যে কোনো সম্পর্কে সরকারি দল আর বিরোধী দলের মতো ভূমিকা হলে, সেই সম্পর্ককে খুব বেশি দূর এগিয়ে নেওয়া সম্ভব নয়। আমার জীবনে জায়নামাজ ছাড়া আমি কোনো দিন মেরুদণ্ড বাঁকা করিনি। হাত কচলিয়ে আমি কোনো দিন বসের সামনে দাঁড়াইনি। আমি বরাবরই গ্যালিলিওর সেই বাণীটি স্মরণে রাখি। তিনি বলেছিলেন, “তোমরা যদি আমাকে ফাঁসিও দাও, তবুও আমি বলব, সূর্য স্থির, আর পৃথিবী সূর্যের চারপাশেই ঘোরে।”
কিছু কিছু মানুষের সঙ্গে কথা বললে বিচারিত হওয়ার কোনো ভয় থাকে না; বরং তাঁদের সঙ্গে কথা বলা থেরাপির মতো কাজ করে। মানুষের ছয়টি রিপুর মধ্যে পাঁচটিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু বাকি একটি অর্থাৎ ‘রাগ’ আপনি কখনোই পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারবেন না। শেক্সপিয়ারের ‘ওথেলো’ নাটকের নায়ক ওথেলোও এই রাগের বশেই নিজের স্ত্রীকে হত্যা করেছিলেন। তাই একজন রাগী মানুষ আর একজন অন্ধ মানুষের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই।
ভালোবাসা মানে কী, জানেন? ভালোবাসা মানে একটি সাধারণ সম্পর্ককে অসাধারণ করে তোলা। আর এটাও জেনে রাখুন, নীরব হৃদয়ে কখনোই ভালোবাসা জন্মায় না। আপনি অ, আ, ক, খ শিখতে চাইলেও আগে আপনাকে পড়তে হবে। ভালোবাসাও তেমনি আগে সেই মানুষটিকে বুঝতে হবে।
চালাকিকে অনেকেই বুদ্ধিমত্তা বলে চালিয়ে দেন। এটি খুবই ভয়ানক। আমার কাছে ভালোবাসা হচ্ছে নীরব শ্রম, ভালোবাসা হচ্ছে অনুশীলন। আমি যখন একা থাকি, তখন বুঝতে পারি কোথায় কোথায় আমি নিজেকে অযথাই খরচ করছি, অপচয় করছি। পরিচ্ছন্ন ভাবনার মানুষ এবং গুছিয়ে কথা বলতে জানা মানুষ আমার খুব প্রিয়; চালাক মানুষ নয়। পাখি হওয়ার চেয়ে প্রজাপতি হয়ে উড়ে বেড়াতেই আমার বেশি ভালো লাগে। নির্জন জ্যোৎস্নার রাত আমার খুব পছন্দ।
জীবনে সবাইকে ধরে রাখতে হয় না; কিছু মানুষকে ছেড়ে দিতে হয়। লোভে নয়, প্রয়োজনে। তা না হলে, ভারেই আপনি ক্লান্ত হয়ে যাবেন।
(লেখক: কলামিস্ট, সংবাদ বিশ্লেষক ও কবি। বোর্ড মেম্বার, পিভিসি কন্টেইনার কর্পোরেশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র )