নোয়াখালীতে নতুন গ্যাস কূপ 'সুন্দলপুর-৪'
নোয়াখালীর সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে নতুন একটি গ্যাস কূপের খনন কাজ শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। প্রকল্পটির আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প’।
গত মঙ্গলবার দুপুরে খনন কাজের সূচনা হলেও বুধবার সকাল থেকে পুরোদমে কাজ শুরু হয়। আধুনিক ডিরেকশনাল ওয়েল পদ্ধতিতে এমডাব্লিউডি (MWD) প্রযুক্তিতে খনন কাজ চলছে। মাটির নিচে ১,৫৫০ মিটার পর্যন্ত খনন করা হবে। মাটির নিচে ১,৩৬১ মিটার এবং ১,৪৫০ মিটার—এই দুটি স্তরে প্রাকৃতিক গ্যাস পাওয়ার জোরালো আশা করা হচ্ছে।
সফলভাবে খনন ও পরীক্ষা সম্পন্ন হলে এখান থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। মোট ৬০ দিন (৪৫ দিন একনাগাড়ে খনন কাজ + ১৫ দিন DST টেস্ট)। টেস্টের পরেই জানা যাবে এই কূপে মোট মজুতকৃত গ্যাসের সঠিক পরিমাণ।
১৯৭৬ ও ১৯৭৮ সালে বেগমগঞ্জে প্রথম ও দ্বিতীয় কূপ সন্ধান শেষে ড্রিলিং করা হলেও পরবর্তীতে কোনো গ্যাস মেলেনি। ২০১৩ সালে তৃতীয় কূপটির সন্ধান মেলে এবং গ্যাস উৎপাদন শুরু হয়। ২০১৮ সালে পুনরায় ওয়ার্কওভার করার পর বর্তমানে এই কূপ থেকে প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
পূর্বে বাপেক্স নোয়াখালীতে সুন্দলপুর-১, ২ ও ৩ নামে তিনটি কূপ খনন করে। সুন্দলপুর-১ ও ৩-এ বর্তমানে উৎপাদন বন্ধ রয়েছে। তবে সুন্দলপুর-৩ কূপে ওয়ার্কওভার সম্পন্ন করে পুনরায় উৎপাদনে ফেরানোর পরিকল্পনা রয়েছে।সুন্দলপুর-২- কূপ থেকে বর্তমানে সফলভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ অব্যাহত রয়েছে।