রক্তে শর্করা নিয়ন্ত্রণে অঙ্কুরিত মেথিদানার উপকারিতা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০১:৩৮ পিএম
আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৭:৫০ এএম
Main News Image

ঘরে ঘরে এখন ডায়াবিটিস ও প্রি-ডায়াবিটিসের সমস্যা উদ্বেগজনক হারে বাড়ছে। রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসে প্রয়োজনীয় পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। সম্প্রতি ‘ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন জার্নাল’-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে জানানো হয়েছে, সাধারণ মেথির তুলনায় অঙ্কুরিত মেথিদানা ডায়াবিটিস রোগীদের জন্য বহুগুণ বেশি কার্যকর।

অঙ্কুরিত মেথির বিশেষত্ব : সাধারণ মেথিদানা ভিজিয়ে খেলে উপকার মেলে ঠিকই, তবে মেথি অঙ্কুরিত হতে শুরু করলে এর ভেতরের পুষ্টি উপাদানের শোষণক্ষমতা বহুগুণ বেড়ে যায়। এতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট তৈরি হয়, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি শরীরের প্রদাহ কমায় এবং হৃদ্‌যন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

চিকিৎসকের মতামত ও খাওয়ার সঠিক সময়

মধুমেহ বিশেষজ্ঞ ড. আশিস মিত্র জানান, ভেজানো মেথির পানি নিয়মিত খেলে ব্লাড সুগার, ক্ষতিকর কোলেস্টেরল ও রক্তচাপ কমে এবং পেটের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তবে মেথি অঙ্কুরিত হলে তাতে অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় মিলবে বাড়তি সুবিধা।

অনেকেই সকালে খালি পেটে মেথি খেয়ে থাকেন। তবে বিশেষজ্ঞদের মতে, প্রাতরাশ ও দুপুরের খাওয়ার মাঝখানের সময়ে অথবা দুপুরে খাওয়ার কিছুটা আগে অঙ্কুরিত মেথিদানা খেলে বেশি উপকার পাওয়া যায়।

 দুপুরে খাওয়ার আগে এটি খেলে পেট কিছুটা ভরা অনুভূতি দেয়, ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে। পরোক্ষভাবে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে, যা ডায়াবিটিস ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ দিক।

প্রধান স্বাস্থ্য উপকারিতা : শর্করার হঠাৎ বৃদ্ধি রোধ করে। অঙ্কুরিত মেথিদানায় প্রচুর পরিমাণে দ্রবণীয় ফাইবার থাকে। এই ফাইবার কার্বোহাইড্রেটের হজম ও গ্লুকোজ শোষণের গতি ধীর করে দেয়, ফলে খাওয়ার পর রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায় না।

ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি পায়। মেথিতে 'গ্যালাক্টোম্যানান' নামক দ্রবণীয় ফাইবার এবং 'ফোর-হাইড্রক্সি আইসোলিউসিন' নামক প্রাকৃতিক উপাদান রয়েছে। গবেষণায় দেখা গেছে, এই উপাদানগুলো শরীরে ইনসুলিনের কর্মক্ষমতা (ইনসুলিন সেনসিটিভিটি) বাড়াতে ও গ্লুকোজ শোষণের গতি কমাতে সাহায্য করে। ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি বদহজম দূর করতে সহায়তা করে এবং অন্ত্রের (Gut health) সামগ্রিক সুস্থতা বজায় রাখে।

সেবনের সঠিক মাত্রা : চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, দিনে ১ টেবিলচামচ অঙ্কুরিত মেথিদানা খাওয়া যথেষ্ট। পরিমাণের চেয়ে বেশি খেলে অনেকের ক্ষেত্রে পেটের সমস্যা বা বদহজম দেখা দিতে পারে। ১. মেথিদানা ভালো করে ধুয়ে সারারাত জলে ভিজিয়ে রাখুন। ২. পরদিন জল ঝরিয়ে দানাগুলো একটি পরিষ্কার ও ভেজা সুতির কাপড়ে বেঁধে ২৪ থেকে ৪৮ ঘণ্টা কোনো অন্ধকার বা উষ্ণ জায়গায় রেখে দিন। ৩. ছোট ছোট অঙ্কুর বেরিয়ে এলে তা খাওয়ার উপযুক্ত হবে।

অঙ্কুরিত করার সময় পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। অস্বাস্থ্যকর পরিবেশে অঙ্কুরিত খাবারে ক্ষতিকর জীবাণু জন্মানোর ঝুঁকি থাকে।