কঙ্গনাকে ‘চুড়েল’ কটাক্ষ রাখির, সংঘাত তুঙ্গে নেটদুনিয়ায়

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৩:২৩ পিএম
আপডেট: ০২ আগস্ট ২০২৬, ১০:৩৯ এএম
Main News Image

কঙ্গনা রানাওয়াত ও রাখি সাওয়ান্ত। ছবি: সংগৃহীত

অভিনেত্রী তথা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সংসদ সদস্য কঙ্গনা রানাওয়াতের সাম্প্রতিক একটি মন্তব্যে নতুন করে উত্তাল নেটদুনিয়া। নিট (NEET) প্রশ্নফাঁস এবং ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)-র আন্দোলন নিয়ে মুখ খুলে দেশের তরুণ প্রজন্ম বা জেন-জি (Gen Z)-কে ‘নর্দমা প্রজন্ম’ বলে মন্তব্য করেন কঙ্গনা। কঙ্গনার এই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে এবার গর্জে উঠলেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। কঙ্গনাকে ‘চুড়েল’ ও ‘নোংরা মুখের মহিলা’ বলে কটাক্ষ করার পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসেবে তার দায়িত্ব নিয়ে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন রাখি।

বিতর্কের শুরু কঙ্গনা রানাওয়াতের একটি ইনস্টাগ্রাম পোস্টকে কেন্দ্র করে। নিট প্রশ্নফাঁস বিতর্ক ও আন্দোলন সংক্রান্ত কয়েকটি ভিডিও দেখে সোশ্যাল মিডিয়ায় নিজের ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী-সাংসদ। কঙ্গনার দাবি- এই ধরনের দৃশ্য দেখে তার "গা গুলিয়ে উঠেছে"। আন্দোলনকারী ছাত্র-ছাত্রী ও জেন-জিদের ‘নর্দমা প্রজন্ম’ বলে অভিহিত করেন তিনি।

আন্দোলনকারীদের পোশাক-আশাক, জীবনযাপন ও মানসিকতা নিয়ে অত্যন্ত কড়া ও অপমানজনক মন্তব্য করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

পাল্টা তোপ রাখির: সংসদ পদ ও অতীত টেনে আক্রমণ

কঙ্গনার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার ঝড় ওঠে। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে কঙ্গনাকে সরাসরি ধুয়ে দেন রাখি সাওয়ান্ত।

রাখি স্পষ্ট জানান, দেশের সাংসদ হয়ে সাধারণ মানুষ, বিশেষ করে তরুণ প্রজন্ম ও ছাত্রীদের বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর ভাষা ব্যবহার করা একেবারেই মানায় না।

কঙ্গনাকে সতর্ক করে রাখি চণ্ডীগড় বিমানবন্দরে এক মহিলা কনস্টেবলের কাছে তার চড় খাওয়ার ঘটনাটি মনে করিয়ে দেন। তিনি দাবি করেন, এভাবে মানুষের অনুভুতিতে আঘাত করতে থাকলে ভবিষ্যতে আবারও কঙ্গনাকে সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে।

কঙ্গনার বলিউডের পুরনো ইতিহাস নিয়েও একাধিক কড়া কটাক্ষ করেন রাখি।

কঙ্গনার এই মন্তব্যে শুধু রাখি সাওয়ান্তই নন, ক্ষোভ প্রকাশ করেছেন গায়ক সোনু নিগমও। "মানুষ পাশে না থাকলে আপনার..." মন্তব্য করে সোনুও জেন-জিদের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে কড়া জবাব দিয়েছেন।

বর্তমানে দুই তারকা কঙ্গনা রানাওয়াত ও রাখি সাওয়ান্তের এই বাকযুদ্ধ নেটদুনিয়ার অন্যতম প্রধান আলোচনার বিষয় হয়ে উঠেছে। নেটিজেনদের একাংশ রাখির প্রতিবাদকে সমর্থন জানালেও, অন্য অংশ কঙ্গনার বাকস্বাধীনতার বিষয়টি তুলে ধরছেন। তবে আপাতদৃষ্টিতে এই জলঘোলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।